২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে নিঃসঙ্গ জীবনে প্রতারণার ফাঁদে

বিশ্বে করোনাভাইরাসের এ সংকটে লকডাউন চলার মধ্যে ইন্টারনেটে সময় কাটানো একাকীত্বে ভোগা মানুষেরা প্রতারণার শিকার হচ্ছেন। প্রেমের ফাঁদে ফেলে পকেট খালি করা হচ্ছে তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 12:05 AM

Updated : 08 Apr 2022, 12:47 AM

সংঘবদ্ধ অপরাধ চক্রের এমন প্রতারণার খপ্পরে পড়ার ব্যাপারে সতর্ক করেছে ইংল্যান্ডের ভিক্টিম সাপোর্ট চ্যারিটি। 

সংস্থাটি বলছে, প্রেমের ফাঁদে ফেলে গড়ে ৪৭ হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার ঘটনাও উঠে এসেছে একটি অঞ্চলের গবেষণায়।

এরকমই ফাঁদে পড়েছিলেন এক নারী, যার ছদ্মনাম ম্যারি। তার এ কাহিনীর শুরু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগেই।

কিন্তু করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার পর লকডাউনের অজুহাতে ম্যারির প্রতারক প্রেমিক তার কাছ থেকে আরো অর্থকড়ি খসানোর সুযোগ পেয়েছে। আর এ সময়টিতে ঘরবন্দি অবস্থার মধ্যে অন্য সবার মতো ম্যারিরও বেড়েছে একাকীত্ব, মানসিক চাপ।

৬২ বছর বয়সের এই বিধবা কিভাবে প্রতারণার শিকার হলেন সে অভিজ্ঞতা বর্ণনায় বলেন, প্রথমদিকে একটি ডেটিং সাইটে আরনল্ড নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার।

প্রায় সারাদিন রাতই কথা হত তাদের। খুঁজে পেয়েছিলেন মনের মিল। তার এই পছন্দের মানুষটি আমেরিকায় থাকেন এমনই ধারণা ছিল ম্যারির। কিন্তু আসলে সেই ব্যক্তি ছিলেন একজন প্রতারক।

কিন্তু তখন জীবনে ভালবাসা খুঁজে পাওয়া ম্যারি প্রেমে এতটাই মজে ছিলেন যে, অনলাইনের সতর্ক সংকেতগুলোকেও পাত্তা দেননি তিনি।

এভাবে মাসখানেক যাওয়ার পর আরনল্ড নামের সেই প্রতারক প্রেমিক ম্যারিকে শোনান তার দুঃখের কাহিনী। বলেন, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। এখন তার একটি ল্যাপটপ দরকার, ব্যবসা-বাণিজ্যেও ঝামেলা চলছে, করোনাভাইরাস নিয়ে উদ্বেগে থাকায় কিছু করতেও পারছেন না।

এসব অজুহাত দেখিয়েই টাকা চান আরনল্ড। আর ম্যারিও সরল বিশ্বাসে তাকে মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দেন হাজার হাজার পাউন্ড। আবার বিষয়টি গোপন রাখার আরনল্ডের অনুরোধও রাখেন তিনি।

মেয়ের নামে রাখা সঞ্চয় এবং আরো কিছু সঞ্চিত অর্থ থেকেই ওই পাউন্ড দিয়েছিলেন ম্যারি। পরে তিনি বুঝতে পারেন আবেগের বশে কত বড় ভুল করে ফেলেছেন।

সাসেক্সে ভিক্টিম সাপোর্ট চ্যারিটির সিনিয়র ম্যানেজার লিসা মিলসের কথায়, দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলে এমন ভুল করে ফেলেন অনেকেই।

“আর এখনকার এই অস্বাভাবিক সময়ে যখন ঘরবন্দি থেকে হাঁফিয়ে ওঠা মানুষ একাকীত্বে ভুগছে বেশি তখন এমন প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকিটাও অনেক বেশি।”