২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের মুখপাত্র করোনাভাইরাস আক্রান্ত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভি’ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 08:33 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

মঙ্গলবার পেসকভ নিজেই একথা জানিয়ে বলেছেন, তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, “হ্যাঁ, আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি।”

এক মাসের বেশি সময় আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানান পেসকভ।

ক্রেমলিন বলছে, পুতিন যথাযথ স্বাস্থ্যসুরক্ষার মধ্যেই আছেন এবং তাকে রাশিয়ায় সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর মস্কোর বাইরের একটি বাসভবন থেকে কাজ চালিয়ে আসছেন প্রেসিডেন্ট পুতিন। বিভিন্ন বৈঠক করছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

তবে মঙ্গলবার রাশিয়ার তেল জায়ান্ট কোম্পানি রসনেফটের প্রধান ইগোর সেচিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন পুতিন।

উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হিসাবে পুতিনের মুখপাত্র পেসকভই রাশিয়ায় সর্বশেষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এর আগে এপ্রিলের শেষদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন তার করোনাভাইরাস ধরা পড়া এবং চিকিৎসা নেওয়ার জন্য সাময়িকভাবে পদ থেকে সরে দাঁড়ানোর কথা প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছিলেন।

আর চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হন। তারও আগে রাশিয়ার নির্মাণমন্ত্রী এবং তার এক উপমন্ত্রীও ভাইরাস আক্রান্ত হয়েছিলেন।