২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

নাইজারের কয়েকটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 06:03 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

মোটরবাইকে করে আসা হামলাকারীরা গ্রামগুলোর বিভিন্ন দোকানে লুটপাট ও গবাদিপশু চুরির পাশাপাশি বাসিন্দাদের এলাকাছাড়া করারও হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিলাবেরি অঞ্চলের গভর্নর তিজানি ইব্রাহিম কেটিলা।

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে বন্দুকধারীরা গাদাবো এবং কোইরা তেগুইওয় গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে হামলা চালায়।

মালি, বুরকিনা ফাসো ও বেনিনের সীমান্তবর্তী এ তিলাবেরি অঞ্চলে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন সক্রিয় থাকায় কারা হামলা চালিয়েছে তাও ধারণা করা যাচ্ছে না।

তিলাবেরিতে ২০১৭ সাল থেকেই জরুরি অবস্থা চলছে।

বিবিসি বলছে, নাইজার, মালি ও বুরকিনা ফাসোতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা থামাতে দেশ তিনটির সরকার ও নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।

রোববার মালির উত্তরাঞ্চলীয় কিদাল অঞ্চলে রাস্তার পাশে রাখা বোমার বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি গাড়ি বিধ্বস্ত হয়ে তিন সদস্য নিহত ও আরও চারজন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও সাধারণত ইসলামিক স্টেট ও আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গিরাই রাস্তার পাশে বিস্ফোরক পুঁতে রাখার কৌশল ব্যবহার করে।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রধান মাহমাত সালেহ আনাদিফ এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

দায়ীদের বিচারের মুখোমুখি করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দেশটিতে ইসলামিক স্টেট ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের তৎপরতায় সরকারি বাহিনী ক্রমশ দুর্বল হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

জঙ্গিদের হামলায় ডিসেম্বর থেকে এ পর্যন্ত মালির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৭০ সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা।

গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর সুযোগে আফ্রিকায় জঙ্গি সংগঠনগুলো তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছিলেন।