২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনভাইরাস: ব্রাজিলের প্রাদুর্ভাবে ‘ঝুঁকিতে প্যারাগুয়ের সাফল্য’

নতুন করোনাভাইরাস ব্রাজিলজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ায় এই ভাইরাস নিয়ন্ত্রণে তার দেশের সাফল্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 05:08 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

প্যারাগুয়েতে শনাক্ত হওয়া ৫৬৩ জন করোনাভাইরাস আক্রান্তের অর্ধেকেরও বেশি প্রতিবেশী ব্রাজিল থেকে ফেরা লোক বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বেনিতেজ।

বিবিসি জানায়, প্যারাগুয়ে গত দুই মাস ধরে কঠোর লকডাউনের মধ্য দিয়ে গেছে এবং কোভিড-১৯ আক্রান্ত অধিকাংশ রোগীকে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টিনে রেখেছে।

এদিকে ব্রাজিল দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্তের দেশ হয়ে উঠেছে।

শুক্রবার দেশটিতে ১০ হাজারেরও বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। দেশটিতে করোনাভাইরাসজনিত মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান।

প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যে ৪০০ কিলোমিটার সীমান্ত আছে যার নিয়ন্ত্রণ অনেকটা শিথিল ছিল। কিন্তু এই সীমান্তের ‘সবচেয়ে নাজুক অংশগুলোতে সামরিক বাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে’ বলে প্রেসিডেন্ট বেনিতেজ সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেছেন, “বিশ্বে করোনাভাইরাস এখন সবচেয়ে দ্রুত বিস্তারলাভ করছে সম্ভবত ব্রাজিলে আর এটি আমাদের দেশের জন্য একটা বিরাট হুমকি।”

দক্ষিণ আমেরিকার যে নেতারা ব্রাজিলের দ্রুত ছড়িয়ে পড়া প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেনিতেজ তাদের অন্যতম।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। 

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রাদুর্ভাব মোকাবেলার ধরনকে বহুবার ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছেন। 

এর বিপরীতে করোনাভাইরাসের ঝুঁকিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে বলে দাবি করে আসা বোলসোনারো গত কয়েক সপ্তাহধরে ব্রাজিলের লকডাউন জারি করা রাজ্যগুলোর গর্ভনরদের সঙ্গে ক্রমাগত দ্বন্দ্বে জড়িয়েছেন।