২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে কোভিড-১৯ এ মৃত্যুর চরম ঝুঁকিতে কৃষ্ণাঙ্গরা

যুক্তরাজ্যে কোভিড-১৯ এ শ্বেতাঙ্গদের তুলনায় মারা যাওয়ার চারগুণ বেশি ঝুঁকির মুখে রয়েছে কৃষ্ণাঙ্গরা। পাকিস্তানি, বাংলাদেশিসহ অন্যান্য মিশ্র জাতিসত্ত্বার মানুষেরাও রয়েছেন উচ্চ ঝুঁকিতে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2020, 07:59 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় ‘ওএনএস’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। জাতিগত গোষ্ঠী ভেদে কোভিড-১৯ এর ঝুঁকিতে তারতম্য দেখা গেছে বলে জানিয়েছে তারা।

বিভিন্ন আর্থ-সামাজিক বিষয় বিবেচনায় নিয়ে একটি মডেলের সাহায্যে পরিসংখ্যান কার্যালয় এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ নারীদের (ক্যারিবীয় কৃষ্ণাঙ্গ, আফ্রিকান এবং অন্যান্য) কোভিড-১৯ এ মারা যাওয়ার ঝুঁকি শ্বেতাঙ্গ নারীদের তুলনায় ৪ দশমিক ৩ গুন বেশি। আর কৃষ্ণাঙ্গ পুরুষদের ক্ষেত্রে এ ঝুঁকি ৪ দশমিক ২ গুন।

অন্যদিকে, শ্বতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের কোভিড-১৯ এ মৃত্যুঝুঁকি অনেক বেশি। এ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ও অন্যান্য মিশ্র জাতিসত্ত্বার মানুষ।

ওএনএস এর প্রতিবেদন বলছে, বাংলাদেশি এবং পাকিস্তানি পুরুষদের ক্ষেত্রে এ ঝুঁকি ১ দশমিক ৮ শতাংশ। আবার চীনা এবং অন্যান্য মিশ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রেও ঝুঁকির মাত্রা একই।

করোনাভাইরাস নিয়ে তেমন সচেতন বা সতর্ক না থাকা এবং আর্থ-সামাজিক সুবিধা বঞ্চিত হওয়াসহ আরো নানা কারণ এর পেছনে কাজ করছে বলেই মনে করছেন গবেষকরা।

এর আগেও কয়েকটি গবেষণায় যুক্তরাজ্যে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুহার বেশি দেখা গেছে। ওএনএস এর প্রতিবেদনেও সেই একই চিত্র দেখা গেল।

যুক্তরাষ্ট্রের গবেষণা থেকে পাওয়া ফলেও দেখা গেছে, আফ্রিকান আমেরিকানরাই কোভিড-১৯ এ মৃত্যুর বেশি ঝুঁকিতে আছে। কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গর মধ্যে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে অসমতা বিরাজ করছে তাতেই পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যে করোনাভাইরাসের প্রকোপে কৃষ্ণাঙ্গরা