২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউন ভঙ্গ করে ব্রিটিশ সরকারের উপদেষ্টার পদত্যাগ

লকডাউনে বিধি ভঙ্গের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ সরকারের ‘সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপ অব ইমার্জেন্সিজ’ (এসএজিই) এর উপদেষ্টা বিজ্ঞানী নীল ফার্গুসন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2020, 07:50 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

ফার্গুসন তার এক বান্ধবীকে বাড়িতে ঢুকতে দিয়ে সামাজিক দূরত্ব বিধি ভঙ্গ করেছেন বলে ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকা খবর প্রকাশের পরই ভুল স্বীকার করে পদত্যাগ করলেন তিনি।

টেলিগ্রাফের খবরে বলা হয়, ফার্গুসন জনগণকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন। অথচ তিনিই বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করে এ নিয়ম ভঙ্গ করছেন।

বলা হচ্ছে, ৩৮ বছর বয়সের বিবাহিত ওই নারী ফার্গুসনের প্রেমিকা। তিনি তার পরিবার নিয়ে অন্য বাড়িতে থাকেন। লকডাউনের মধ্যে দুইবার ফার্গুসনের বাড়িতে গেছেন তিনি। এতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষের ঘরের বাইরে বেরোনোর নিয়মও ভঙ্গ হয়েছে।

ফার্গুসন এক বিবৃতিতে বলেছেন, “আমি স্বীকার করছি, আমার ভুল হয়েছে। এ কারণে আমি এসএজিই থেকে সরে দাঁড়াচ্ছি।”

“করোনাভাইরাস পজিটিভ আসার পর দুই সপ্তাহ পুরোপুরি আইসোলেশনে থেকে আমি রোগ প্রতিরোধী হয়ে উঠেছি বলে মনে হয়েছিল। সেই বিশ্বাস থেকেই কাজটি করেছিলাম,” বলেন ফার্গুসন।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ নীল ফার্গুসনের পরামর্শেই যুক্তরাজ্যে লকডাউনের পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ফার্গুসনই প্রথম একটি গাণিতিক মডেলের মাধ্যমে দেখিয়েছিলেন, শারিরীক দূরত্ব কঠোরভাবে মানা না হলে যুক্তরাজ্যে ৫ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে।

এরপরই যুক্তরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়।এর আওতায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনা এবং সবাইকেই নিজ নিজ ঘরে থেকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়।