মাস্ক নিয়ে কথা কাটাকাটির জেরে যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যা
মাস্ক ছাড়া দোকানে প্রবেশে বাধা দেওয়ায় কথা কাটাকাটির জেরে যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি দোকানের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
৪৩ বছর বয়সী রক্ষী ক্যালভিন মুনারলিন খুনের ঘটনায় পুলিশ শারমেল টিগ নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
শারমেলের স্বামী ল্যারি টিগ এবং ছেলে রামোনিয়া বিশপকে ধরতে অভিযান চলছে।
বচসার ঘটনার পর ২৩ বছর বয়সী রামোনিয়া ওই দোকানে যান এবং নিরাপত্তারক্ষী ক্যালভিনের মাথায় পেছন থেকে গুলি চালান বলে অভিযোগ আছে।
বিবিসি জানিয়েছে, ফ্লিন্টের ফ্যামিলি ডলার স্টোরে ক্যালভিনকে গুলি করার এ ঘটনাটি ঘটে গত শুক্রবার।
৪৫ বছর বয়সী শারমেলের মেয়ে মাস্ক ছাড়া দোকানে প্রবেশ করতে চাইলে ক্যালভিন তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শারমেল চিৎকার করে উঠেন এবং নিরাপত্তারক্ষীর গায়ে থুতু ছুড়ে মারেন।
কিছুক্ষণ পর শারমেল স্বামী ও ছেলেসহ এসে ক্যালভিনের উপর ফের চড়াও হন। পরে তাকে গুলি করেন রামোনিয়া।
এ তিনজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুন ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। ৪৪ বছর বয়সী ল্যারির বিরুদ্ধে এগুলোর বাইরে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া দোকানে ঢোকার অভিযোগও আনা হয়েছে।
তবে তার মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
“ক্যালভিন মুনারলিনের এ মৃত্যু করুণ ও বেদনাদায়ক,” বলেছেন জেনেসি কাউন্টির কৌঁসুলি ডেভিড লেইটন।
৮ সন্তানের জনক ক্যালভিনের শেষকৃত্যের জন্য ‘গো ফান্ড মি’ ওয়েবসাইটের একটি আবেদনে প্রায় এক লাখ ডলার উঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।
