কিমকে ফিরতে দেখে ‘খুশি’ ট্রাম্প
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনার পর তাকে সুস্থ অবস্থায় ফিরে আসতে দেখে ‘খুশি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
২০ দিন পর শনিবার জনসম্মুখে কিমের একটি সার কারখানার প্ল্যান্ট উদ্বোধন করার খবর ও ছবি প্রকাশ পেয়েছে।
এরপরই ট্রাম্প এক টুইটে বলেন, “আমি তাকে (কিম) সুস্থভাবে ফিরে আসতে দেখে খুশি।’
কিম গুরুতর অসুস্থ বা সম্ভবত মারা গেছেন- এমন তীব্র জল্পনার প্রায় তিন সপ্তাহ বাদে গত শুক্রবার কিমের ফিতা কেটে কারখানা উদ্বোধন এবং অনুষ্ঠানে মঞ্চে বসে থাকার ছবি পরদিন প্রকাশ করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। লোকজন এসময় ‘উল্লাসধ্বনিতে ফেটে পড়ে’ বলে জানানো হয় খবরে।
এর আগে কিমকে নিয়ে উত্তর কোরিয়ার গণমাধ্যম একেবারেই নিশ্চুপ ছিল। আর তাতেই আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে জল্পনা বাড়ছিল। তবে দক্ষিণ কোরিয়া শুরু থেকেই কিমের স্বাস্থ্য সংক্রান্ত সব প্রতিবেদন প্রত্যাখ্যান করে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিমের অসুস্থতা বা মৃত্যুর খবর শুরু থেকেই উড়িয়ে দিয়েছেন।
গত সোমবার কিমের স্বাস্থ্য নিয়ে গুজবের ব্যাপারে ট্রাম্প বলেছিলেন, “কিমের অবস্থা সম্পর্কে আমার ভাল ধারণা আছে।” কিন্তু তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে পারি না। আমি কেবল তার শুভকামনা করছি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্প্রতি কয়েক বছরে সম্পর্ক উষ্ণ হয়েছে।
দুই নেতা ২০১৮ সাল থেকে তিনবার বৈঠক করেছেন। একে অপরকে ব্যক্তিগতভাবে চিঠিও লিখেছেন। কিমের চিঠিকে ‘চমৎকার’ বলে ট্রাম্প প্রশংসাও করেছেন।
তবে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা সম্প্রতি কয়েক মাস ধরে থমকে আছে।
