গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলবর্তী দেশ গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দে এবং আরও দুই মন্ত্রীও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
দেশটির আন্তঃমন্ত্রণালয় করোনাভাইরাস কমিটির বেশ কয়েকজন সদস্যও রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রী নাবিয়াম জানিয়েছেন।
সম্পদের অপ্রতুলতা ও ব্যবস্থাপনার অদক্ষতার কারণে গিনি বিসাউয়ের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা ভালো নয়। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০৫ জন ও মৃত্যু হয়েছে একজনের।
আফ্রিকান সেন্টারস ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের (এসিডিসি) তথ্যানুযায়ী, আফ্রিকা মহাদেশে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষের।
বিশ্বের বিভিন্ন অংশে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও বাড়ছে আফ্রিকায়। মহাদেশটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীটির নতুন উপকেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন কিছু বিশেষজ্ঞ।
উচ্চমাত্রার সংক্রামক ভাইরাসটির বিস্তার ঠেকাতে মহাদেশটির অনেক দেশে ও শহরে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
