জার্মানিতে বিপদ এখনো কাটেনি: ম্যার্কেল
জার্মানিতে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিপদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বলেছেন, জার্মানি এখনো মহামারীর প্রথম পর্যায়েই আছে।
করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারের নীতিমালা নিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে ম্যার্কেল একথা বলেন। জার্মানবাসীকে সংযম ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারী মোকাবেলার আহ্বান জানান তিনি।
জার্মানিতে প্রায় এক মাসের কড়াকড়ির পর করোনাভাইরাস সংক্রমণের হার কমায় গত সোমবার থেকেই কিছু বিধিনিষেধ শিথিল করেছে সরকার। চালু হয়েছে বেশ কিছু দোকানপাট।
এ সময়ে মানুষ যাতে সামাজিক দূরত্ব বিধি মানার কথা ভুলে না যায় এবং যতটুকু সাফল্য এসেছে তা নষ্ট করে পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না যায় সেই সতর্কবার্তাই দিয়েছেন ম্যার্কেল।
তিনি বলেন, “আমরা মহামারীর শেষ ধাপে দাঁড়িয়ে নেই, এখনো এর শুরু মাত্র। এ সঙ্কট পেরোতে এখনো অনেক পথ বাকী।”
ম্যার্কেলের মতে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে অদূর ভবিষ্যতেও মানুষকে অনেক কড়াকড়ি মানতে হবে৷ ধাপে ধাপে কিছু নিয়মবিধি শিথিল করা হলেও সার্বিকভাবে কড়াকড়ি মেনে চলতে হবে৷
করোনাভাইরাস মহামারী গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং মানুষের অধিকার খর্ব হচ্ছে বলে উল্লেখ করেছেন চ্যান্সেলর ম্যার্কেল।
তবে করোনাভাইরাস ঠেকাতে মানুষের অনেক মৌলিক অধিকার খর্ব করা এবং গণতান্ত্রিক অধিকারকে সীমিত করার মতো কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া তার জন্য কতটা কঠিন ছিল সে কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে ম্যার্কেল বলেছেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এমন পরিস্থিতি দেখেনি৷ রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় করে নজিরবিহীন পদক্ষেপ নিতে হয়েছে। সংকট মোকাবেলায় অকল্পনীয় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে৷”
জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪৮,০৪৬ জন এবং মারা গেছে ৫ হাজার ৯৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, দেশটিতে এখন নতুন আক্রান্তের সংখ্যার চেয়ে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বাড়ছে।
ম্যার্কেল বলেন, “আক্রান্তের সংখ্যা কমায় আমরা আশার আলো দেখছি। কিন্তু এটি ক্ষণস্থায়ী। আমরা পাতলা, খুবই পাতলা বরফের ওপর দাঁড়িয়ে আছি।”
করোনাভাইরাস সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেছেন ম্যার্কেল৷ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিবিড় সহযোগিতার অঙ্গীকার করার পাশাপাশি ইইউ এর অর্থনীতি পুনরুদ্ধারে বড় ধরনের বাজেটের আহ্বান জানিয়েছেন তিনি।
