২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: গ্রিন কার্ডের স্থগিতাদেশে ট্রাম্পের স্বাক্ষর

কিছু গ্রিন কার্ড সাময়িক স্থগিত রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 01:04 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

এই পদক্ষেপ ৬০ দিন পর্যন্ত স্থায়ী হবে তারপর এ সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে কর্মহীন হয়ে পড়া আমেরিকানদের সুরক্ষা দেওয়াই তার এ পরিকল্পনার লক্ষ্য।

বিবিসি জানায়, বুধবার হোয়াইট হাউসের করোনাভাইরাস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমাদের অর্থনীতি চালু হওয়ার পর সব খাতের কর্মহীন আমেরিকানরাই চাকরির লাইনের প্রথমে থাকবে, এই পদক্ষেপ তা নিশ্চিত করেছে।”

এই পদক্ষেপ গ্রিন কার্ড ধারীদের তাদের পরিবারের অন্যান্য সদস্যদের যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা করার আবেদন করা থেকে বিরত রাখবে বলে ধারণা করা হচ্ছে, যাকে ‘চেইন মাইগ্রেশন’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।

তবে মার্কিন নাগরিকদের জীবনসঙ্গী ও তাদের ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের ক্ষেত্রে এই নির্বাহী আদেশ প্রযোজ্য হবে না।

এই আদেশে ডাইভারসিটি ভিসা লটারিও স্থগিত থাকবে, যার আওতায় প্রতি বছর প্রায় ৫০ হাজার গ্রিন কার্ড ইস্যু করা হয়।

যে সকল গ্রিন কার্ড আবেদনকারী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাস করছেন ও কর্মরত আছেন এবং যারা চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা পেশায় যুক্ত হতে চাইছেন, এমন হাজার হাজার লোকও ছাড়া পাবেন বলে বলা হয়েছে।

অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত ব্যক্তিদের ওপরও এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।

দীর্ঘদিন ধরে কঠোর অভিবাসন নীতির যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়ে আসছেন এখন নির্বাচনের বছরে করোনাভাইরাস মহামারীর আড়াল নিয়ে তিনি সেটিই বাস্তবায়ন করেছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা।

মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার যে অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে, সেখান থেকে মনোযোগ অন্যদিকে সরাতেই এই সময়ে এমন উদ্যোগ নিলেন কি না- সেই প্রশ্ন তুলেছেন কোনো কোনো সমালোচক।

করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ, মৃত্যু হয়েছে প্রায় ৪৭ হাজার মানুষের। দুদিক দিয়েই যুক্তরাষ্ট্র বিশ্বে এখন শীর্ষে।

এই সঙ্কটে অন্যান্য দেশের মত যুক্তরাষ্ট্রের অর্থনীতিও কার্যত অচল হয়ে পড়েছে। গতমাসে ২ কোটি ২০ লাখ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এমন পরিস্থিতিতে সোমবার এক টুইটে ট্রাম্প জানান, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই কর তে যাচ্ছেন তিনি।

এরপর মঙ্গলবার হোয়াইট হাউজে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসে তিনি বলেন, বুধবারই তিনি সেই নির্বাহী আদেশে সই করতে পারেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও দীর্ঘায়িত হতে পারে।

বিবিসি লিখেছে, সোমবারের টুইটে ট্রাম্প অভিবাসন বন্ধের কথা বললেও ব্যবসায়ী নেতাদের কয়েকজনের সমালোচনার পর তিনি খামার শ্রমিক এবং প্রযুক্তি কর্মীদের মত বিশেষ খাতের অভিবাসী কর্মীদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন।

মঙ্গলবারের ব্রিফিংয়ে তিনি বলেন, করোনাভাইরাস সঙ্কটে যারা চাকরি হারিয়েছে, তাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

"ভাইরাসের কারণে কাজ হারানো আমেরিকানদের জায়গায় যদি অভিবাসী শ্রমিকরা এসে চাকরি পায়, তাহলে সেটা আমেরিকানদের প্রতি অন্যায় হবে।"

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখের মত গ্রিন কার্ড অনুমোদন করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ পান এমন অভিবাসীরা, যাদের আত্মীয়-স্বজন যুক্তরাষ্ট্রে থাকেন। আর পেশা সংশ্লিষ্ট গ্রিনকার্ডের ৮০ শতাংশ এমন অভিবাসীদের দেওয়া হয়, যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

একজন গ্রিনকার্ডধারী অভিবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অনুমতি পান। পরে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যও আবেদন করার সুযোগ পান।