২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ‘ভুলে’ তাৎক্ষণিক জবাবের হুমকি ইরানের

পারস্য ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের রেভুল্যুশনারি গার্ড নৌবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 10:29 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, পারস্য উপসাগরে রেভুল্যুশনারি গার্ডের ১১টি নৌযান বিপজ্জনকভাবে মার্কিন নৌবাহিনী ও তাদের কোস্ট গার্ডের জাহাজের কাছে চলে এসেছিল। ওই নৌযানগুলোর তৎপরতাকে ‘বিপজ্জনক ও উস্কানিমূলক’ বলেও অভিহিত করে তারা।

এর জবাবে রোববার রেভুল্যুশনারি গার্ডের নিউজ সাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “পারস্য উপসাগরে ও ওমান উপসাগরে আন্তর্জাতিক আইন্ ও ম্যারিটাইম প্রটোকলগুলো অনুসরণ করার জন্য এবং সব ধরনের হঠকারিতা, মিথ্যা ও ভুয়া গল্প থেকে বিরত থাকার জন্য আমেরিকানদের পরামর্শ দিচ্ছি আমরা।

“তাদের নিশ্চিত থাকা উচিত এই অঞ্চলে বিদেশিদের বিপজ্জনক ক্রিয়াকলাপকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রেভুল্যুশনারি গার্ড নৌবাহিনী এবং শক্তিশালী সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং তাদের রেড লাইন হিসেবে দেখে এবং তাদের দিক থেকে হিসাবে কোনো ভুল হলে তাৎক্ষণিক উপযুক্ত জবাব পাবে।” 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক বছর আগে দু’পক্ষের মধ্যে মাঝেমধ্যে এ জাতীয় ঘটনা ঘটলেও পরে এগুলো বন্ধ ছিল। এবার দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই ফের এ ঘটনাটি ঘটলো।

মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, ওই দিন তারা আন্তর্জাতিক জলসীমায় ছয়টি মার্কিন সামরিক জাহাজ ও সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে মহড়া পরিচালনা করছিল, ওই সময় ইরানি নৌযানগুলো তাদের খুব কাছে চলে আসে।

এর প্রতিক্রিয়ায় মার্কিন জাহাজগুলো ব্রিজ টু ব্রিট রেডিও মারফত, জাহাজগুলোর হর্ন বাজিয়ে এবং যন্ত্রের মাধ্যমে উচ্চ শব্দ সৃষ্টি করে বেশ কয়েকবার সতর্ক করে।

প্রায় এক ঘণ্টা পর ইরানি জাহাজগুলো চলে যায় বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

২০১৬ ও ২০১৭ সালে উপসাগরের জলসীমায় মার্কিন ও ইরানি সামরিক জাহাজগুলোর মধ্যে এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছিল। কয়েকটি ঘটনায় ইরানি নৌযানগুলো খুব কাছে চলে আসায় সেগুলোকে সতর্ক করতে মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে গুলিও ছোড়া হয়েছিল। 

চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ইরাকে ড্রোন হামলা চালিয়ে ইরানের অভিজাত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করার পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করে ইরান। ওই হামলায় মার্কিন বাহিনীর কোনো সেনা নিহত না হলেও পরে শতাধিক মার্কিন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়।  

চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, ইরাকে মার্কিন লক্ষ্যস্থলগুলোতে গোপনে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে ইরান ও তাদের সমর্থিত বাহিনীগুলো।

এ ধরনের কোনো হামলা হলে হামলাকারীদের ‘অনেক বেশি মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছিলেন তিনি।