২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৩ মে’র পরও ফ্লাইট চালুর সম্ভাবনা নেই

ভারতে বিমান পরিষেবা ৩ মে-র পরও শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনো হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 07:02 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

“সরকার এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বিমান সংস্থাগুলোকে বুকিং না নেওয়ার অনুরোধ করা হয়েছে,” এক টুইটে একথা জানিয়েছেন বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী।

এনডিটিভি জানায়, সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়টি মাথায় রেখেই বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। তবে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চলতে দেওয়া হতে পারে বিশেষ ট্রেন।

ভারত সরকারের দেওয়া তথ্যানুযায়ী, রোববার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়েছে। মৃত ছাড়িয়েছে ৫০০। দেশটির প্রধান‌মন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন।

সব বিমান পরিষেবা সংস্থাকে ৩ মে-র পর কোনও বুকিং না নিতে বলা হয়েছে। এয়ার ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে ৪ মে থেকে ঘরোয়া ফ্লাইটের বুকিং এবং ১ জুন‌ থেকে আন্তর্জাতিক ফ্লাইটের বুকিং নেওয়ার ঘোষণা দিলেও সরকার পক্ষ থেকে বলা হয়েছে, কোনও বিমানই এখন চালানোর অনুমতি দেওয়া হবে না।

শনিবার ভারতে সামগ্রিক করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। সেখানে এখনই গণপরিবহণ চালু না করার বিষয়টি তুলে ধরেন মন্ত্রীদের অনেকেই। এ সময়ে গণপরিবহণ চালু করা ঝুঁকিপূর্ণ হবে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় সবুজ সঙ্কেত দিলেই কেবল এ বিষয়ে কোনোও সিদ্ধান্ত হতে পারে।

গত ২৫ মার্চ ভারতে লকডাউন ঘোষণার পর থেকেই ট্রেন ও বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ আছে। এ পরিস্থিতিতে বিমান সংস্থাগুলো ক্ষতির মুখে পড়েছে।