২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে করোনাভাইরাস আক্রান্ত ২১ মাসের শিশু

ভারতে এবার ২১ মাসের এক শিশুর দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। তবে শিশুটির পরিবারের কারও মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 05:01 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

এনডিটিভি জানায়, শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার বাসিন্দা এ শিশুটির স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ে। তার প্রচণ্ড কাশি ছিল। প্রথমে শিশুটিকে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ (আইসিএইচ) এ ভর্তি করা হয়। পরে সেখান থেকে নেওয়া হয় বেলেঘাটা আইডি অ্যান্ড বিজি হাসপাতালে।

শিশুটিকে এখন বেলেঘাটার এ হাসপাতালেই বিশেষ আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা।

তিনি বলেন, শিশুটির পরিবারে সদস্য ১৪ জন। এর মধ্যে রয়েছে আরও চার শিশু ও দুই প্রবীণ ব্যক্তি। পরিবারের সবাই একই ফ্ল্যাটের বাসিন্দা হওয়ায় প্রত্যেককেই কোয়ারেন্টিন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আর শিশুটির সঙ্গে হাসপাতালে আছেন তার মা। শিশুটির বাবা পেশায় একজন গাড়িচালক, তাকেও কোয়ারেন্টিন কেন্দ্রে পাঠানো হয়েছে।