করোনাভাইরাস: তিন দশকে প্রথমবার সঙ্কুচিত চীনের অর্থনীতি
প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের কারণে ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকায় তিন দশকের মধ্যে এবারই প্রথম বছরের শুরুর তিন মাসে অর্থনীতি সঙ্কুচিত হওয়ার তথ্য দিয়েছে চীন সরকার।
শুক্রবার তাদের প্রকাশিত তথ্যে জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে চীনের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকরা এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চীনের জিডিপি আগের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কম হতে পারে বলে ধারণা দিয়েছিলেন। প্রকৃত ক্ষতির পরিমাণ তাদের ওই ধারণার চেয়েও বেশি বলে জানিয়েছে আল জাজিরা।
বিবিসি বলছে, বিশ্বের অন্যতম বড় ভোক্তা ও উৎপাদক দেশ হওয়ায় চীনের অর্থনীতির এমন ক্ষতি অন্য দেশগুলোর জন্যও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
১৯৯২ সাল থেকে চীন বছরের চার প্রান্তিকের জিডিপির হিসাব আলাদা আলাদা করে দেয়া শুরু করেছিল। তার পর থেকে এবারই প্রথম দেশটি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতির সংকোচনের এ তথ্য দিল।
“জানুয়ারি থেকে মার্চে জিডিপির এই সংকোচন মানুষের আয়ে প্রভাব ফেলবে, ছোট ছোট অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, বাড়তে পারে বেকারত্ব,” বলেছেন ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের ইউ সু।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যেও গত বছর প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৪ শতাংশ। গত দুই দশক ধরে চীন গড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখার কথা জানালেও অনেক বিশেষজ্ঞই তাদের এ হিসাব নিয়ে সন্দিহান।
ডিসেম্বরের শেষে উহানে আবির্ভূত হওয়া করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জানুয়ারির শেষদিকেই চীন শাটডাউন ও কোয়ারেন্টিনের মতো কঠোর সব পদক্ষেপ নেয়।
শুক্রবারের তথ্যে চীন তাদের উৎপাদন, খুচরা বিক্রি কমার তথ্যও দিয়েছে। মার্চে তাদের বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে; এ সংখ্যা ফেব্রুয়ারির চেয়ে সামান্য ভালো। মার্চ থেকেই চীন তাদের বিভিন্ন শহর থেকে ধীরে ধীরে বিধিনিষেধ তোলা শুরু করেছিল।
