মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়িয়ে দিতে পারে করোনাভাইরাস: রেডক্রস
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর ইতিমধ্যে নিঃস্ব হয়ে পড়া লাখ লাখ মানুষের জীবন তছনছ করে দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, কোভিড-১৯ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আর্থ-সামাজিক অস্থিরতার পালে হাওয়া দিতে পারে।
জেনেভাভিত্তিক এ সংস্থা তাদের বিবৃতিতে ভাইরাসের সংক্রমণরোধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেওয়া লকডাউন ও কারফিউর কারণে অনেকের পক্ষে পরিবার চালানোই কষ্টকর হয়ে পড়ছে বলেও মন্তব্য করেছে।
বিবৃতিতে সিরিয়া, ইরাক, ইয়েমেন, ফিলিস্তিনের গাজা, লেবানন ও জর্ডানের নাম উল্লেখ করে দেশগুলোর কর্তৃপক্ষকে করোনাভাইরাস পরবর্তী ‘ভয়াবহ পরিস্থিতি’ ও ‘আর্থ-সামাজিক ভূমিকম্পের’ জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“মধ্যপ্রাচ্য আজ দুটি হুমকির মুখে। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব আর আসন্ন আর্থ-সামাজিক অস্থিরতা। দুটো সংকটই ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে,” বলেছেন আইসিআরসির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক ফাব্রিজিও কারবোনি।
আইসিআরসির বিবৃতিতে ইরানের কথা উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্যের এ দেশটিতেই এখন পর্যন্ত করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আঘাত হেনেছে।
বৃহস্পতিবার পর্যন্ত ইরানে ৭৬ হাজার ৩৮৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। মৃতের সংখ্যাও ৪ হাজার ৮০০-র কাছাকাছি।
আইসিআরসি’র এক মুখপাত্র জানান, ইরানের প্রসঙ্গ আলোচনায় না এলেও দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা করা হচ্ছে।
রেডক্রস বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি ও ভঙ্গুর অবকাঠামোর কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর লাখো মানুষ এমনিতেই স্বাস্থ্যসেবা, খাদ্য, পানি ও বিদ্যুতের মতো সুযোগসুবিধা থেকে বঞ্চিত। করোনাভাইরাস ওই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।
আইসিআরসির বিবৃতিতে সিরিয়া ও ইরাকের কারাবন্দিদের জন্য পরিচ্ছন্নতা উপকরণ এবং ইয়েমেনের হাসপাতাল, ক্লিনিক ও ডায়ালাইসিস সেন্টারগুলোতে জীবনরক্ষাকারী উপকরণ ও ওষুধ পাঠানোর কথা জানানো হয়েছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ২০ হাজার মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে বলেও জানিয়েছে তারা।
