২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: সন্তানকে পৃথিবীতে এনে মারা গেলেন আক্রান্ত মা

যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত গর্ভবতী একজন নার্স সন্তান জন্ম দেওয়ার পর মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 10:31 AM

Updated : 08 Apr 2022, 12:38 AM

রোববার ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ম্যারি আগিএইওয়া আগিয়াপং নামের এই নারী মারা যান।

সেবিকা হিসেবে এই হাসপাতালেই পাঁচ বছর কাজ করেছেন ২৮ বছর বয়সী আগিয়াপং, জানিয়েছে বিবিসি।

হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র আগিয়াপংয়ের ‘সন্তান খুব ভালো আছেন’ বলে জানিয়েছেন, কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি।

কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার দুই দিন পর ৭ এপ্রিল এই সেবিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসোলেশনে থাকা তার স্বামীরও কোভিড-১৯ ধরা পড়েছে।

‘বেডফোর্ডশায়ার হসপিটাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট’ এর প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, “তিনি অসাধারণ ভালো সেবিকা ছিলেন এবং এই ট্রাস্টের মানের একজন দুর্দান্ত উদাহরণ।

“এই সময়ে ম্যারির পরিবার ও বন্ধুদের জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”

সহকর্মীরা আগিয়াপংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারকে সহায়তা করতে তহবিল গঠনের জন্য বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেইজ খুলেছেন, যেখানে ইতোমধ্যে প্রায় চার হাজার ৫০০ পাউন্ড জমা হয়েছে।

সাবেক এক সহকর্মী বলেন, “একজন সেবিকা হিসেবে আগিয়াপং ন্যাশনাল হেলথ সার্ভিসকে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।”