মিয়ানমারের রাখাইন গ্রামে ‘গোলাবর্ষণে নিহত ৮’
মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক গ্রামে গোলার আঘাতে আট জন নিহত হয়েছে বলে স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসী জানিয়েছেন।
সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণের এ ঘটনা ঘটে বলে ওই কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
পুনাগেয়ান শহরের সাংসদ তুন মউং জানান, তিনি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলেন এবং সেখানে আট জন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা তুন আয়িও রয়টার্সকে একই তথ্য দিয়েছেন।
সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীরা গোলাবর্ষণের অভিযোগ করেছে বলেও জানিয়েছেন এ দুই কর্মকর্তা।
কেয়াউক সেইক গ্রামের বাসিন্দা দোয়ে মং জানান, গোলায় তার তিন ভাতিজা নিহত হয়েছে।
মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে বলে রয়টার্স জানিযেছে।
সোমবার ওই এলাকায় তাদের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের লড়াই হয়নি বলে বিবৃতিতে বলেছে তারা। সরকারি সেনারাই কেয়াউক সেইক গ্রামে গোলা ছুড়েছে বলে দাবি তাদের।
কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে দাবি করেছে।
“উত্তর রাখাইনে লড়াই চলছে, কিন্তু কোনো গ্রামে গোলাবর্ষণের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমরা বেসামরিক নিহতের কোনো তথ্য পাইনি,” টেলিফোনে এমনটাই বলেছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নায়ি।
তাৎক্ষণিকভাবে রয়টার্সও কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। বিষয়টি নিশ্চিত হতে মিয়ানমার সরকারের এক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি ধরেননি বলে জানিয়েছে তারা।
এক বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে বিদ্রোহী আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলির আরও স্বায়ত্তশাসনের দাবি আদায়ে এ লড়াইয়ে নেমেছে তারা।
সাম্প্রতিক সময়ে রাখাইন ও পার্শ্ববর্তী চিন রাজ্যের বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্রবাহিনীর লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে বহু মানুষের মৃত্যু ও হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
