স্তব্ধ অর্থনীতি, কিছু কারখানা খোলার পরিকল্পনা ভারত-পাকিস্তানের
করোনাভাইরাস ঠেকাতে চলমান লকডাউনে থমকে থাকা অর্থনীতি সচল করতে কিছু কিছু কলকারখানা চালুর পরিকল্পনা করছে ভারত এবং পাকিস্তান।
দেশ দুটির কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় অন্তত ১৫টি শিল্প ক্ষেত্রে লকডাউন বিধি শিথিলের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
কর্মকর্তারা বলছেন, ভারতে সোমবার করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৫২ জনে। মৃত্যু হয়েছে ৩০৮ জনের। লকডাউনের মধ্যেও দু’সপ্তাহ আগের থেকে মৃত্যু এবং আক্রান্ত কিছুটা হলেও বেড়েছে।
কিন্তু লকডাউনে থাকার কারণে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে আছে। এতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে অনেকটাই নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে কিছু গুরুত্বপূর্ণ শিল্প চালুর পরিকল্পনা নেওয়ার অনুরোধ করেছেন। করোনাভাইরাস সংক্রমণ রুখতে গত ২৩ মার্চ ভারতজুড়ে লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ পরিস্থিতিতে উপযুক্ত নিরাপত্তা বিধি মেনেই বিভিন্ন শিল্প ক্ষেত্রে ছাড় দেওয়ার সুপারিশ করেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
যেসব শিল্পে ছাড় দেওয়ার সুপারিশ এসেছে সেগুলো হচ্ছে, ভারী ইলেক্ট্রিক্যাল জিনিসপত্র উৎপাদন শিল্প, ইস্পাত ও লৌহ কারখানা, প্রতিরক্ষা ও এর সঙ্গে যুক্ত শিল্প, সিমেন্ট কারখানা, কাগজ শিল্প, রাসায়নিক ও সার শিল্প, প্লাস্টিক উৎপাদন, খাবার ও পানীয় উৎপাদন, বীজ প্রক্রিয়াকরণ, টেলিকম সামগ্রী ও অপটিক ফাইবার কেবল সহ আরো কয়েকটি শিল্প।
ভারতে লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। এরপর তা বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত নিতে হবে দেশটিকে। ভারতের কয়েকটি রাজ্য লকডাউন বাড়ানোর পক্ষে। তবে কড়াকড়ি শিথিল রেখেই তা করার পক্ষপাতি তারা। কারণ, লকডাউন স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি। আবার স্বাস্থ্য এবং অর্থনীতির মধ্যে ভারসাম্যও বজায় রাখার কথাটাও মাথায় রাখা দরকার।
ওদিকে, পাকিস্তানও ১৫ এপ্রিলের পর লকডাউন বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত নিতে বৈঠকের বসার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অর্থনীতি সচল রাখার জন্য কিছু কলকারখানা চালু করার একইরকম পরিকল্পনা করছে।
পাকিস্তানেও লকডাউন অন্তত ১০ দিন কিংবা আরো কয়েক সপ্তাহ বাড়বে বলে জানিয়েছেন এক মন্ত্রী। সেইসঙ্গে ভাইরাসের হটস্পটগুলো সিল করা হবে বলেও জানান তিনি।
এসব পদক্ষেপের সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে কিছু কলকারখানা চালু করার পরিকল্পনা রয়েছে দেশটির। মূলত নির্মাণ, রপ্তানি খাতগুলোই চালু করা হবে এবং ভারতের মতো লকডাউন পরিস্থিতিতে উপযুক্ত নিরাপত্তা বিধি মেনে, কম কর্মী নিয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের।
পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৭৪ জন। মারা গেছে ৯৩ জন।
এখন দেশটিতে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে না খেয়ে মানুষের মৃত্যু। ফলে, একদিকে করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচানো আর অন্যদিকে, অনাহারে মানুষ মরা ঠেকানো- দুয়ে মিলে উভয় সংকটে পড়েছে পাকিস্তান।
