২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: নেগেটিভ পাওয়ায় হাসপাতাল থেকে মুক্তি, ফের পরীক্ষায় পজিটিভ

ভারতের একটি হাসপাতালে নভেল করোনাভাইরাস আক্রান্ত দুই ব্যক্তির ২৪ ঘণ্টার ব্যবধানে করা দুটি পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর তৃতীয় আরেকটি পরীক্ষায় ফল পজিটিভ এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 03:30 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

রাজধানী দিল্লির নিকটবর্তী নয়ডার গর্ভমেন্ট ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস (জিআইএমএস) হাসপাতালে ঘটনাটি ঘটেছে, জানিয়েছে এনডিটিভি।

করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসার পর শুক্রবার ওই দুই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা হাসপাতাল ছাড়ার সময় আরেকবার পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। এই পরীক্ষার ফল পজিটিভ আসায় তাদের ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসকরা তদন্ত করে দেখার পর এ বিষয়ে বিস্তারিত বিবরণ কেন্দ্রের কাছে পাঠানো হবে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায়ও একই ধরনের ঘটনা ঘটার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, ৯১ জন রোগী নতুন করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে ভাবা হচ্ছিল কিন্তু পরীক্ষায় তাদের দেহে ফের ভাইরাসটি শনাক্ত হয়।

কিছু কোভিড-১৯ রোগী নভেল করোনাভাইরাস মুক্ত হয়েছেন, পরীক্ষায় এমনটি নিশ্চিত হওয়ার পর যখন তাদের হাসপাতাল থেকে ছাড়ার কথা বিবেচনা করা হচ্ছে, তখন আবার পরীক্ষায় তাদের দেহে নতুন করে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। 

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক জিয়ং ইউন কিয়ং এক ব্রিফিংয়ে বলেছেন, ওই রোগীরা সম্ভবত নতুন করে আক্রান্ত হননি বরং ভাইরাসটিই ‘ফের সক্রিয়’ হয়েছে।

দক্ষিণ কোরিয়া থেকে এমন কিছু ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা এ সম্পর্কিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

তারা আরও বলেছে, ক্লিনিকাল ব্যবস্থাপনার বিষয়ে ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী চিকিৎসাগতভাবে সুস্থ বলে সিদ্ধান্ত হওয়া রোগীর ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টার ব্যবধানে করা দুটি পরীক্ষার ফল নেগেটিভ এলে তাকে হাসপাতাল থেকে ছাড়া যাবে।

“কিছু রোগীকে কোভিড-১৯ এর জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ব্যবহার করে পরীক্ষার পর নেগেটিভ এসেছিল, কিন্তু কিছু দিন পর আবার পরীক্ষার ফল পজিটিভ এসেছে, এই প্রতিবেদনগুলোর বিষয়ে জেনেছি আমরা।বিষয়টি বুঝতে সুস্থ হওয়া রোগীদের কাছ থেকে আমাদের পদ্ধতিগতভাবে নমুনা সংগ্রহ করতে হবে,” এও বলেছে তারা।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রবণতার অন্তরালে কী আছে তা এখনো পরিষ্কার হয়নি এবং এ বিষয়ে ‘এপিডেমিয়োলজিকাল’ অনুসন্ধান চলছে।

ভারতেও দক্ষিণ কোরিয়ার মতো একই ধরনের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হতে চিকিৎসকদের অনুসন্ধান ও দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সোমবার দুপুর পর্যন্ত হালনাগাদ করা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে ৯২৪০ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৩৩১ জন।