চীনের হারবিনে ২৮ দিন কোয়ারেন্টিনে থাকবেন বিদেশাগতরা
বিদেশ ফেরত বেশ কয়েকজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিদেশ থেকে আসা প্রত্যেককে ২৮ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখার পদক্ষেপ নিয়েছে চীনের হারবিন শহর কর্তৃপক্ষ।
রোববার অনলাইনে পোস্ট করা স্থানীয় নগর সরকারের এক বিবৃতির বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার সীমান্তবর্তী চীনের হেইলংজিয়াং প্রদেশের এই রাজধানী শহরে যারাই প্রবেশ করবে তাদের প্রথমে ১৪ দিনের জন্য একটি কোয়ারেন্টিন কেন্দ্রে রাখা হবে, তারপর তাদের আরও ১৪ দিন বাড়িতে অবস্থান করতে হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
তাদের প্রত্যেকের দুটি নিউক্লিক অ্যাসিড পরীক্ষা ও একটি অ্যান্টিবডি পরীক্ষা করা হবে।
কোনো আবাসিক ইউনিটে করোনাভাইরাসের কোনো রোগী বা বাহক শনাক্ত হলে নগর কর্তৃপক্ষ ওই এলাকাটি ১৪ দিনের জন্য লকডাউন করে দেবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
শুক্রবার চীনের মূলভূখণ্ডে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৬ জন ছিল, কিন্তু পরদিন শনিবার আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৯ হয়ে যায়। এদের মধ্যে দুই জন বাদে বাকি সবাই বিদেশ ফেরত। তাদের মধ্যে রাশিয়া থেকে একই ফ্লাইটে সাংহাই যাওয়া যাত্রীদের মধ্যে ৫১ জন আক্রান্ত বলে শনাক্ত হন।
এই আক্রান্তদের মধ্যে রাশিয়া থেকে আসা আরও ২১ জন হেইলংজিয়াং প্রদেশে শনাক্ত হয়। এরপর হারবিনে সতর্কতামূলক ওইসব পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাশিয়ার সঙ্গে থাকা প্রদেশটির সুইফেন সীমান্ত ১৩ এপ্রিল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার।
প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৯ এপ্রিল প্রথমে অস্থায়ীভাবে এই সীমান্তটি বন্ধ করা হয়েছিল, ১৩ এপ্রিল সীমান্তটি খোলার কথা ছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আপাতত সীমান্তটি না খোলার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
