২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি হার্ভি ওয়াইনস্টিনও করোনাভাইরাসে আক্রান্ত

যৌন নিপীড়নের অভিযোগে কারান্তরীণ হলিউডি মোগল নামে পরিচিত সাবেক চলচ্চিত্র প্রযোজক হার্ভি  ওয়াইনস্টিনও এবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2020, 05:02 PM

Updated : 18 Aug 2022, 02:45 PM

রোববার হার্ভির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এতে উদ্বেগ বেড়েছে জেল কর্তৃপক্ষের। কারণ, এরই মধ্যে তার সংস্পর্শে যারা এসেছেন তারাও এ ভাইরাস আক্রান্ত হন কিনা তা নিয়েই এ উদ্বেগ।

হার্ভির বিরুদ্ধে ওঠা একাধিক ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা সামনে আসতেই বিশ্ব জুড়ে #মিটু আন্দোলনের ঝড় উঠেছিল। ওয়াইনস্টিন সব অভিযোগ অস্বীকার করলেও তাকে ২০০৬ সালে সাবেক প্রোডাকশন অ্যাসিসট্যান্ট মিমি হাইলিকে যৌন নিপীড়ন এবং ২০১৩ সালে সাবেক অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

অন্তত ৮০ জন নারী ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হেনেস্তার অভিযোগ এনেছিলেন। তিনি কয়েক দশক ধরে এসব অবৈধ তৎপরতা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল তাদের।

গত মাসেই হার্ভি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ১১ মার্চে তার ২৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আপাতত নিউ ইয়র্কে জেলে বন্দি তিনি৷

বিবিসি জানায়, করোনাভাইরাস ধরা পড়ার পরই হার্ভিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ নিউ ইয়র্কের দুর্ভেদ্য জেল ওয়েন্ডে-তে নিয়ে যাওয়া হয়েছে তাকে। কড়া নিরাপত্তায় চলছে তার চিকিত্‍সা।

তবে জেলকর্তৃপক্ষ জানিয়েছে, জেলে যথেষ্ট চিকিত্‍সাব্যবস্থা নেই। চিকিত্‍সা সরঞ্জামেরও অভাব আছে। কয়েকজন জেলকর্মীও কোয়ারেন্টিনে আছে। জেলের মধ্যে এমাসের শুরুর দিকেই একবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হার্ভি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও রয়েছে তার।

পুরনো খবর:

ধর্ষণে দোষী সাব্যস্ত হার্ভি ওয়াইনস্টিন