‘অদৃশ্য শত্রু’ থেকে বাঁচতে বিশ্বজুড়ে মরিয়া চেষ্টা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আতঙ্কে দেশে দেশে স্থবির হয়ে পড়ছে জনজীবন; খালি চোখে দেখা যায় না যে শত্রুকে, তার হাত থেকে বাঁচতে বিশ্বজুড়ে চলছে মরিয়া চেষ্টা।
সোমবার বিকালে জেনিভায় সংবাদ সম্মেলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১ লাখ ৬৮ হাজার ০১৯ জনের সংক্রমণ এবং ৬ হাজার ৬১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল।
ডব্লিউএইচওর প্রতিবেদন ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করা হিসাবে মঙ্গলবার বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৮২ হাজার ৪০৫ জনে, প্রাণ গেছে ৭ হাজার ১৫৪ জনের।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন।
এদিকে করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নজিরবিহীন দরপতন হয়েছে সোমবার।
বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে এবং মহামারী ঠেকাতে সরকারগুলো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। আর তাতে বিশ্বব্যাপী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দারুণভাবে বিঘ্নিত হওয়ার খবর আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
মহামারীর উৎসস্থল চীন সোমবার নতুন করে ২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছে, যাদের মধ্যে একজন অন্য দেশ থেকে আক্রান্ত হওয়ার পর দেশে ফিরেছেন।
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ এ সোমবার সেখানে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।
এতে চীনের মূলভূখণ্ডে রোগটিতে মৃতের সংখ্যা ৩২২৬ জনে দাঁড়াচ্ছে, আক্রান্তের মোট সংখ্যা হচ্ছে ৮০ হাজার ৮৮১ জন।
আক্রান্তদের মধ্যে ৬৮ হাজার ৬৭৯ জন ইতোমধ্যে রোগমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।
চীনের পর বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়ানোর নতুন কেন্দ্র হয়ে ওঠা ইতালিতে সোমবার আরও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে, তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে ২১৫৮ জনে দাঁড়িয়েছে।
ইতালিতে ২৮ হাজার লোক ভাইরাসটিতে আক্রান্ত হলেও একদিনে মৃতের সংখ্যায় দেশটি শীর্ষে রয়েছে; এমনকি চীনে প্রাদুর্ভাবের সর্বোচ্চ সময়েও একদিনে এত লোক মারা যায়নি।
ইতালির পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা ইরানে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এখানে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৯৯১ জন এবং মৃতের সংখ্যা ৮৫৩ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে রোগমুক্ত হয়েছেন ৪৯৯৬ জন।
কয়েকদিন আগে ইতালিতে যে গতিতে রোগটি ছড়িয়ে পড়ছিল তা এখন দেখা যাচ্ছে স্পেন ও ফ্রান্সে।
স্পেনে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজারে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৩৪২ জন। ফ্রান্সে আক্রান্ত ৬৬৫০ জন আর মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়িয়েছে।
সরকারি বিধিনিষেধের কারণে গত সোমবার থেকে কার্যত অবরুদ্ধ দশার মধ্যে রয়েছে সাড়ে ছয় কোটি মানুষের দেশ ইতালি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় যাদের আইসিইউতে রাখা রোগীদের বিষয়ে কোনো মিথ্যা তথ্য স্বজনদের দিতে চান না চিকিৎসকরা। তারা জানেন যে, আইসিইউতে থাকা প্রতি দুইজনের একজন রয়েছেন মৃত্যু ঝুঁকিতে, কিন্তু সে কথা তারা স্বজনদের বলতে পারছেন না।
নিউ ইয়র্ক টামস এক প্রতিবেদনে লিখেছে, হাসপাতালে মৃত্যুপথযাত্রী অনেকের পরিবারের সবাই রয়েছেন কোয়ারেন্টিনে। ব্রেসিয়া শহরের একদল স্বেচ্ছাসেবী ট্যাব সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে মুমূর্ষু সেই রোগীদের কাছে, যাতে তারা পরিবারের সঙ্গে যোগাযোগটুকু রাখতে পারেন, অন্তত শেষ বিদায় জানানোর সুযোগটুকু যেন তাদের হয়।
ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতালির মতই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে স্পেন সরকারকেও। সেখানে কর্মস্থলে যাওয়া, খাবার বা জরুরি পণ্যসামগ্রী কেনা, হাসপাতালে যাওয়া এবং বৃদ্ধ ও শিশুদের সেবায় নিয়োজিতদের ছাড়া বাকি সবার বাড়ি থেকে বের হওয়া নিষেধ। দেশটি তাদের স্থলসীমান্তও বন্ধ করে দিয়েছে।
তবে দৈনন্দিন কেনাকাটা, কাজে যাওয়া, ব্যায়াম ও চিকিৎসা সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে অন্তত দুই সপ্তাহ। নিষেধ না মানলে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ফ্রান্স সরকার।
যুক্তরাষ্ট্রে আক্রান্তে সংখ্যা ৪৬৬১ জন এবং মৃতের সংখ্যা ৮৬ জনে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে দেশটির নাগরিকদের সামাজিক অনুষ্ঠান স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১০ জনের বেশি কোথাও জমায়েত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটিকে ‘অদৃশ্য শত্রু’ আখ্যায়িত করে ট্রাম্প বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব জুলাই, অগাস্ট বা তারও পরে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে।
কভিড-১৯ এ দক্ষিণ কোরিয়ায় ৭৫ জন, যুক্তরাজ্যে ৫৫ জন, জাপানে ২৭, নেদারল্যান্ডে ২৪, সুইজারল্যান্ডে ১৯, জার্মানিতে ১৭, ফিলিপিন্সে ১২ এবং বেলজিময়া ও ইরাকে ১০ জন করে রোগীর মৃত্যুর হয়েছে।
বিশ্বজুড়ে মহামারীর এ সময়ে অর্থনৈতিক মন্দা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো জরুরি পদক্ষেপ নিলেও ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ দিন দেখেছে বিশ্ব অর্থবাজার।
সোমবার একদিনেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক নেমে গেছে ১২ থেকে ১৩ শতাংশ। দরপতনে বাজার থেকে স্রেফ হাওয়া হয়ে গেছে কয়েক ট্রিলিয়ন ডলার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মূলত চীনেই সীমাবদ্ধ থাকবে এবং ইবোলা, সার্স ও মার্সের মতো আগের ভাইরাস প্রাদুর্ভাবগুলোর মতো বাইরে জনজীবনে তেমন প্রভাব ফেলবে না- এমন অনুমানের ভিত্তিতে মাত্র এক মাস আগেও পশ্চিমা অর্থবাজার রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু এখন চীনের চেয়ে চীনের বাইরেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি।
