২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান, আফগান বন্দি বিনিময় শুরু হচ্ছে

তালেবানের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বিদ্রোহী গোষ্ঠীটির এক হাজার ৫০০ বন্দিকে ছেড়ে দেয়ার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 03:35 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

মুক্তির পর ‘যুদ্ধক্ষেত্রে ফিরবে না এমন লিখিত শর্ত’ দিতে রাজি সব তালেবান বন্দির ক্ষেত্রেই প্রেসিডেন্টের এ ডিক্রি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিবিসি।

এর বিনিময়ে তালেবানও তাদের হাতে বন্দি এক হাজার আফগান সেনাকে হস্তান্তর করবে।

সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গে কয়েক সপ্তাহ আগে করা একটি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনাদের ফিরিয়ে নেয়া শুরু করেছে; এরমধ্যেই এ বন্দি বিনিময় শুরু হতে যাচ্ছে।

গনির স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী কাবুল আগামী ১৫ দিনের মধ্যে দেড় হাজার তালেবান বন্দিকে ছেড়ে দেবে।

“প্রতিদিন আফগানিস্তানের জেলখানা থেকে ১০০ করে বন্দি ছাড়া পাবেন,” ডিক্রিতে এমনটাই বলা হয়েছে।

বন্দি বিনিময়ের পাশাপাশি আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনাও চলবে। আলোচনায় অগ্রগতি হলে প্রতি দুই সপ্তাহ পর পর ৫০০ করে তালেবান বন্দিকে ছাড়ারও প্রতিশ্রুতি দিয়েছে গনি সরকার।

এভাবে সব মিলিয়ে ৫ হাজার বন্দিকে ছাড়ার পরিকল্পনা আছে তাদের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে তালেবানকে ধারাবাহিকভাবে তাদের সহিংসতার পরিমাণ কমিয়ে আনতে বলা হয়েছে। আল-কায়েদা কিংবা অন্য উগ্রপন্থিরা যেন তালেবান নিয়ন্ত্রিত এলাকায় কার্যক্রম চালাতে না পারে, বিদ্রোহী গোষ্ঠীটিকে তা নিশ্চিতে পদক্ষেপ নিতেও বলেছে তারা।

দুই পক্ষের মধ্যে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে এবং সরাসরি আলোচনা শুরুর উদ্দেশ্যেই এ বন্দি বিনিময় হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।

মঙ্গলবার এ আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বন্দি বিনিময় সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে মতপার্থক্যে তা আটকে যায়।

তালেবানের শীর্ষ নেতাদের একজন জানান, তারা আফগানিস্তানের জেলখানায় বন্দি সদস্যদের একটি তালিকা গনি সরকারকে দিয়ে তাদের মুক্তি চেয়েছিলেন।

“সরকারের উদ্দেশ্য খারাপ, তারা কেবল বৃদ্ধ, খুবই অসুস্থ কিংবা যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে,” অন্য একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন তিনি।

মঙ্গলবার তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তারা কেবল সেসব বন্দিকেই গ্রহণ করবেন, যাদের নাম তাদের দেয়া তালিকায় আছে।

অন্যদিকে প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়েছে, সরকার ‘বয়স, স্বাস্থ্য ও সাজার মেয়াদ বিবেচনায়’ তালেবান বন্দিদের মুক্তি দেবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের হওয়া চুক্তিতে সশস্ত্র গোষ্ঠীটির ৫ হাজার সেনাকে মুক্তি দেয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট গনি প্রথমে এতে আপত্তি জানিয়েছিলেন। বুধবারের ডিক্রিতে তাকে অবশ্য এ বিষয়ে নমনীয়ই দেখা গেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত ওই ঐতিহাসিক চুক্তিতে ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যাও ১২ হাজার থেকে কমিয়ে ৮ হাজার ৬০০তে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তালেবানরা শর্ত মেনে চললে ১৪ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও তার নেটো মিত্ররা আফগানিস্তান ছাড়বে বলেও চুক্তিতে সম্মতি দিয়েছে।