ইতালিতে কারাগারে করোনাভাইরাস নিয়ে দাঙ্গায় মৃত ১২
ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি বোঝাই ইতালির কারাগারগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে নেওয়া পদক্ষেপকে কেন্দ্র করে দাঙ্গায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যদের কারাগারে এসে বন্দি স্বজনদের সঙ্গে দেখা করার ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়েই অধিকাংশ কয়েদি ক্ষিপ্ত হন। কারাগারে আগুন লাগিয়ে, বিভিন্ন জনকে জিম্মি করে রোববার থেকে প্রতিবাদ শুরু করেন তারা। এই সুযোগে একটি কারাগার থেকে কিছু বন্দি পালিয়েও যায়।
সবচেয়ে সহিংস প্রতিবাদগুলো মঙ্গলবারের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।
কিন্তু তারপরও ১০টি কারাগারে দখল কায়েম করা ও বিক্ষোভ দেখানো অব্যাহত আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যাদের জিম্মি করা হয়েছিল তাদের সবাইকে বন্দিরা ছেড়ে দিয়েছে অথবা পুলিশ মুক্ত করেছে। মূলত কারারক্ষী ও স্থাস্থ্য কর্মীদেরই জিম্মি করা হয়েছিল।
রোববার ও সোমবার মোদেনা কারাগারে সাত জন বন্দি মারা যান। মঙ্গলবার এখানে আরও দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এদিন রিয়েতির একটি কারাগারে আরও তিন বন্দির লাশ পাওয়া যায়।
কারাগারের ক্লিনিকগুলো থেকে লুট করা ওষুধের মাত্রারিক্ত সেবনেই অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে, এমন ধারণা করা হচ্ছে বলে বিচার মন্ত্রণালয় জানিয়েছে।
তারা আরও জানায়, সোমবার দাঙ্গার সুযোগ নিয়ে দক্ষিণাঞ্চলীয় ফোজার একটি কারাগার থেকে ৫০ জন বন্দি পালিয়ে গিয়েছিল, মঙ্গলবার সকালে তাদের মধ্যে ২২ জনকে ফের গ্রেপ্তার করা হয়েছে।
করোনাভাইরাসের উৎসস্থল চীনের পর এখন ইতালির অবস্থাই সবচেয়ে খারাপ। চীনে পরিস্থিতি যখন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে তখন সরকারের নির্দেশে ইতালির প্রায় ৬ কোটি লোককে কার্যত অবরুদ্ধ অবস্থায় বসবাস করতে হচ্ছে।
মঙ্গলবার একদিনেই ১৬৮ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টালমাটাল অবস্থাতেই কারাগারগুলোতে ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধ করতে কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সঙ্গে বন্দিদের দেখা করার সুযোগ সীমিত করে। এতে উত্তেজিত বন্দিরা প্রতিবাদ ও দাঙ্গা শুরু করে।
দীর্ঘদিন ধরেই ইতালির কারাগারগুলো ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিতে বোঝাই হয়ে আছে।এ কারণে সেখানে ভাইরাসটির সংক্রমণ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে।
ইতালির কারাগারগুলোতে প্রায় ৬১ হাজার ২৫০ জন বন্দি আছে। এ সংখ্যা কারাগারগুলোর ধারণক্ষমতার চেয়ে প্রায় ১০ হাজার বেশি বলে জানিয়েছে রয়টার্স।
