নভেল করোনাভাইস: ভুটানে প্রথম রোগী শনাক্ত
হিমালয়ের ছোট্ট দেশ ভুটানে নভেল করোনাভাইরাসে প্রথম একজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ফেইসবুক পোস্টে জানানো হয়, ৭৬ বছর বয়সী এক মার্কিন পর্যটক সেখানে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওয়াশিংটন থেকে ভারতে গিয়েছিলেন ওই মার্কিন পর্যটক। মার্চের ২ তারিখ তিনি গুয়াহাটি থেকে আকাশপথে ভুটানে পৌঁছান। ড্রুক এয়ারের ওই বিমানে তার এক সঙ্গীসহ মোট দশজন ছিলেন। তাদের মধ্যে আটজন ভারতীয় নাগরিক।
পরদিন বিভিন্ন জায়গায় বেড়ানোর পর বৃহস্পতিবার আবার যখন তিনি হাসপাতালে যান, তখন জ্বর, কাশি আর শ্বাসকষ্টের মত উপসর্গ দেখে তাকে পর্যবেক্ষণে নেন ভুটানের চিকিৎসকরা। পরে পরীক্ষা করে তার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।
দুই মাস আগে চীনের উহান থেকে ছড়াতে শুরু করা নভেল করোনাভাইরাস ইতোমধ্যে ৮৫টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। বিশ্বজুড়ে অন্তত ৯৭ হাজার ৮৫২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ৩০ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আফগানিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারে এখনও কারও মধ্যে সংক্রমণের তথ্য আসেনি।
