২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক সীমান্তে ১০ হাজার শরণার্থী আটকাল গ্রিস

তুরস্কের স্থলসীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার শরণার্থীর প্রবেশ ঠেকিয়ে দিয়েছে গ্রিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 12:02 AM

Updated : 08 Apr 2022, 12:25 AM

গ্রিসের এক সরকারি কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। আটকে দেওয়া অনেক শরণার্থীকে তুরস্কের এভরস সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

শরণার্থীদেরকে সীমান্ত পাড়ি দিতে তুরস্ক উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন গ্রিক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলকিভিয়াদিস স্টেফানিস। তিনি বলেন, “তুরস্ক কেবল তাদের সমর্থনই করছে না সহায়তাও করছে।”

তুরস্ক ইউরোপীয় ইউনিয়নমুখী (ইইউ) শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এ সমপ্তাহে বিপুল সংখ্যক মানুষ সীমান্তে ভিড় করেছে।

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরীয় সরকারি বাহিনীর হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে সিরিয়া সংঘাত নিয়ে ইইউ দেশগুলোর ওপর চাপ সৃষ্টিরই চেষ্টা নিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আর সামলাতে পারবে না তার দেশ।

ইইউ এর সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রনটেক্স তুরস্কের সঙ্গে ইউরোপীয় সীমান্তে ‘হাই অ্যালার্ট' জারি রয়েছে বলে জানিয়েছে।

২০১৬ সালে ইউরোপমুখী শরণার্থীর ঢল নামার পর তাদের আটকাতে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছিল ইউরোপীয় ইউনিয়ন৷ ওই চুক্তির আওতায় তুরস্ক সিরীয় ও আফগানসহ অন্যান্য দেশের প্রায় ৩৭ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে৷

কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এরপর ইইউ এর বিরুদ্ধে ওই চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন। ইউরোপের সঙ্গে যে কোনো দরকষাকষিতে তিনি নিয়মিতই শরণার্থীদের ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন৷ গত বৃহস্পতিবার সিরিয়ার ইদলিবে হামলায় ৩৩ তুর্কি সেনা নিহতের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

রোববার গ্রিক সেনা ও পুলিশ ৯ হাজার ৯৭২ জন শরণার্থীকে তুরস্ক সীমান্তে আটকে দিয়েছে। তারা এদিন সকালে কাস্তানিস বন হয়ে গ্রিসে প্রবেশের চেষ্টায় ছিল বলে জানিয়েছেন এক গ্রিক কর্মকর্তা।

তবে সীমান্তে শরণার্থী আটকানো গেলেও ৭ টি নৌকায় করে অন্তত ৫শ মানুষ গ্রিসের তিনটি দ্বীপে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ওই দ্বীপগুলোয় শরণার্থী শিবিরগুলোতে তিল ধারণেরও অবস্থা নেই।