২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোতে ড্রাই আইস দেওয়া পানিতে ডুব দিয়ে ৩ জনের মৃত্যু

রাশিয়ায় সুইমিং পুলের পানি ঠাণ্ডা করার জন্য ড্রাই আইস দেওয়ার পর ওই পানিতে ডুব দিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 11:21 PM

Updated : 10 Oct 2022, 07:00 PM

শুক্রবার মস্কোর ইনস্টাগ্রাম ব্যক্তিত্ব ইয়েকাতেরিনা ডিডেঙ্কোর জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

এদিন নিজের ২৯তম জন্মদিনে শহরের একটি পুল কমপ্লেক্সে পার্টির আয়োজন করেছিলেন ডিডেঙ্কো। সেখানে স্টিম বাথ থেকে বের হয়ে আসা অতিথিরা খুব গরম লাগার কথা জানালে সুইমিং পুলের পানি ঠাণ্ডা করতে পানিতে ড্রাই আইস ফেলা হয়।

মস্কোর জরুরি বিভাগের এক সদস্য বার্তা সংস্থা রিয়াকে জানিয়েছেন, নাইন্থ ওয়েভ নামের ওই কমপ্লেক্সের পুলের পানি ঠাণ্ডা করার জন্য পার্টিতে আসা লোকজন ২৫ কেজি ড্রাই আইসের অর্ডার দিয়েছিল।

এগুলো পানিতে ফেলার পর শরীর ঠাণ্ডা করতে স্টিম বাথ থেকে আসা বেশ কয়েকজন অতিথি পুলের পানিতে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গেই তাদের দম বন্ধ হয়ে আসতে শুরু করে এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়।

Image
স্বামী ভ্যালেনটিনের সঙ্গে ইয়েকাতেরিনা ডিডেঙ্কো। ছবি: ইস্টটুওয়েস্ট

স্বামী ভ্যালেনটিনের সঙ্গে ইয়েকাতেরিনা ডিডেঙ্কো। ছবি: ইস্টটুওয়েস্ট

শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, প্রাথমিক পরীক্ষায় এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।    

মৃতদের সবার বয়স প্রায় ৩০ বলে জানানো হয়েছে। তাদের মধ্যে ডিডেঙ্কোর স্বামীও আছেন বলে জানা গেছে।

ড্রাই আইস কার্বন ডাই অক্সাইডের কঠিন একটি রূপ। অবাধ বায়ু চলাচলের ব্যবস্থাহীন কোনো এলাকায় এই আইস থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হলে নিঃশ্বাসের সঙ্গে বিপজ্জনক পরিমাণ গ্যাস ফুসফুসে চলে গিয়ে শ্বাসরোধের কারণ হতে পারে।  

নিজের ইনস্টাগ্রাম পেইজে ফার্মাসিউটিক্যাল পণ্যের ক্ষেত্রে কীভাবে অর্থ বাঁচানো যায় তার ওপর টিপস দিয়ে ডিডেঙ্কো পরিচিতি পেয়েছেন। এই সোশ্যাল মিডিয়ায় তার ১০ লাখ অনুসারি আছে।