২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা ২০ দেশের তালিকায় ভারত

বিশ্বের যে ২০ টি দেশে করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলার আশঙ্কা আছে সে তালিকায় আছে ভারত। তালিকায় ভারতের অবস্থান ১৭ নম্বরে। জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2020, 06:57 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

এনডিটিভি জানিয়েছে, হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এ সমীক্ষার সংক্রমণ সূচকে সবার ওপরে আছে থাইল্যান্ড। তার ঠিক পরেই আছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। যে দেশগুলোতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ২০ ছাড়িয়েছে।

সমীক্ষার প্রয়োজনে আকাশপথে চীনের সঙ্গে বিভিন্ন দেশের বিমানবন্দরের যোগাযোগের বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, মোট ৪ হাজার বিমানবন্দরের সঙ্গে চীনের সরাসরি যোগাযোগ রয়েছে। আর সেই দিকটি খতিয়ে দেখেই একটি মাপকাঠি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়টি।

এ মাপকাঠির সূচকেই ভারতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা ০.২১৯%। সমীক্ষায় বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। এ বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৬৬%। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৩৪%। এর পরই আছে কলকাতা বিমানবন্দর। পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরেও আছে সংক্রমণ আশঙ্কা।

চীন থেকে ভারত ও অন্যান্য শহরের একজনের গন্তব্যের পরিপ্রেক্ষিতে সমীক্ষাটি করা হয়েছে। আকাশপথে যাতায়াতের প্রেক্ষিত বিচার করে পর্যালোচনা করা হয়েছে সংক্রমণের মাত্রা। ব্যস্ত বিমানবন্দর ও সংক্রমিত যাত্রীর পরিসংখ্যান রাখা হয়েছে বিচার্য বিষয় হিসেবে।

সংক্রমণ ঠেকাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বৈধ ভিসা থাকলেও চীন থেকে কারো ভারতে গমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনা নাগরিক বা পর্যটক, সেদেশ থেকে ভারতে যাওয়ার ওপরও আছে সাময়িক নিষেধাজ্ঞা।

ভারত যে করোনার প্রভাবমুক্ত নয়, তার প্রমাণ ইতোমধ্যেই মিলেছে কেরালায়। চীনের উহান ফেরত তিনজনের দেহে করোনার জীবাণু মিলেছে। চীন থেকে ফেরা আরও প্রায় ২০০০ ছাত্রছাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যেও কারও কারও শরীরে সংক্রমণের সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে জার্মানির এ সমীক্ষা ভারতের উদ্বেগ আরো বাড়াল।