সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির জন্য একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত।
আমির রহিমপুর নামক ওই ব্যক্তির মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন ইরানের বিচারবিভাগীয় মুখপাত্র গোলামহুসেইন ইসমাইলি।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য সিআইএ’র কাছে পাচারের অভিযোগে আমিরকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
আমির ছাড়াও আরো দুইজনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ বছরের জেল দেওয়া হয়েছে। এ দুইজনের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তারা দাতব্য সংস্থার কর্মী বলে জানিয়েছেন ইসমাইলি।
তার এ বক্তব্যে তা্ৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সিআইএ।
ইরান গত গ্রীস্মে সিআইএ’র হয়ে কাজ করা ১৭ জনের একটি গুপ্তচর চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়াসহ তাদের কারো কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তখন এক টুইটে ইরানের সিআইএ গুপ্তচর ধরার দাবি পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন।
সম্প্রতি ইরাকে মার্কিন হামলায় শীর্ষ ইরানি কমান্ডার কাসেম সোলেমানি নিহতের ঘটনা নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার মধ্যে সিআইএ গুপ্তচরের মৃত্যুদণ্ডের এ খবর এল।
এর আগে ২০১৬ সালে ইরান সর্বশেষ যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে শাহরাম আমিরি নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
