যুক্তরাজ্যের শহরে গাঙচিলের ‘বিষ্ঠা আতঙ্ক’
যুক্তরাজ্যে খ্যাতনামা একটি শার্ট নির্মাতা কোম্পানি তাদের গুদামের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম নেওয়া কয়েক হাজার গাঙচিলের বিষ্ঠা নিয়ে তুমুল বিপাকেই পড়েছিল।
কালো মাথাওয়ালা প্রায় তিন হাজার গাঙচিল চার্লস টিরহুট কোম্পানির মিলটন কেইনস শহরের গুদামে আশ্রয় নেওয়ায় কর্মীরা সেগুলোর বিষ্ঠার যন্ত্রণায় আতঙ্কিত হয়ে পড়েন বলে বিবিসি ওয়ানের ইনসাইড আউট ইস্টের এক প্রতিবেদনে জানানো হয়।
বিপুল পরিমাণ বিষ্ঠা ভবনটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন আশঙ্কায় পাখিগুলোকে পরে লেজার রশ্মি ব্যবহার করে গুদামের আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর শহরের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির ডিলারের দোকানে সেগুলোর দেখা মেলে।
“এগুলো ছিল কয়েক হাজার। আপনাকে (ভবন থেকে বের হয়ে) গাড়ির কাছে পৌঁছাতেও ছাতা ব্যবহার করতে হতো; নাহলে আপনি বিষ্ঠায় ঢেকে যাবেন,” বলেছেন চার্লস টিরহুটের কার্লি হারউড।
বন্য পাখি হলেও বিশেষ নিবন্ধনকারী ছাড়া গাঙচিল হত্যা নিষিদ্ধ হওয়ায় এগুলোর উৎপাত থেকে বাঁচার উপায় হচ্ছে- ভয় দেখানো, না হয় তাড়িয়ে দেওয়া।
এনবিসির পরিবেশ নিয়ন্ত্রণ বিষয়ক ঠিকাদার ইয়ান রিস নির্দিষ্ট প্যাটার্নের সবুজ রশ্মি ব্যবহার করে গাঙচিলগুলোর কোনো রকমের ক্ষতিসাধন ছাড়াই বিশ্রামে বিঘ্ন ঘটিয়ে তাদেরকে চার্লস টিরহুটের গুদাম থেকে সরিয়ে দেন।
“দুই সপ্তাহের মধ্যেই সব পাখি চলে যায়। ভবনের কোনো ধরনের সমস্যা দেখা যায়নি,” বলেছেন রিস।
পরে মার্সিডিস বেঞ্জের গাড়ির ডিলারের দোকান থেকে পাখিগুলোকে সরিয়ে দেয়ার কাজে সহযোগিতা করলেও এরপর শহরের কোথায় ফের গাঙচিলের এ ঝাঁকের দেখা মিলবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
“তারা রাতে ওড়ে, তাই তাদের অনুসরণ করা কঠিন,” বলেন রিস।
শিকারির সংখ্যা কমে যাওয়ায়, পর্যাপ্ত খাবার এবং বিভিন্ন শহর ও মফস্বল এলাকায় উপযুক্ত আবাস না থাকায় সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্যের বড় বড় শহরগুলোর বিভিন্ন ভবনের ছাদে কালো মাথাওয়ালা গাঙচিল, কালো পুচ্ছের গাঙচিল এবং হেরিং গালের সংখ্যা বাড়ছে বলে বিবিসির ইনসাইড আউট ইন ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
চার্লস টিরহুটের গুদামে আসার আগেও মিলটন কেইনসের বিভিন্ন ভবন থেকে কালো মাথাওয়ালা গাঙচিল ও হেরিং গাল তাড়িয়েছেন বলে রিস জানিয়েছেন।
পাখিগুলোর দিকে না তাক করে সেগুলো যেখানে বসে থাকে সেদিকে রশ্মি তাক করে রাখলে তা গাঙচিলের ক্ষতি করে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
