নভেল করোনাভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু ফিলিপিন্সে
ফিলিপিন্সে নভেল করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে; চীনের বাইরে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত কারও মৃত্যুর এটি প্রথম ঘটনা।
মৃত ব্যক্তি চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ফিলিপিন্সে গিয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
৪৪ বছর বয়সী এই রোগী ফিলিপিন্সে যাওয়ার আগেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল, এমন ধারণা করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।
ফিলিপিন্সের স্বাস্থ্য দপ্তর জানায়, ওই ব্যক্তি রাজধানী ম্যানিলার একটি হাসপতালে ভর্তি হওয়ার পর তার শরীরে নিউমোনিয়ায়র তীব্র সংক্রমণ ধরা পড়ে।
সে ৩৮ বছর বয়সী এক চীনা নারীসহ উহান থেকে হংকং হয়ে ফিলিপিন্সে গিয়েছিল এবং ওই নারীর শরীরেও ভাইরাসটি ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
এই ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশই ঘটেছে হুবেইতে, আর চীনসহ বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।
ফিলিপিন্সে ডব্লিউএইচও-র প্রতিনিধি রবীন্দ্র আবেসিংঘে লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “চীনের বাইরে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। যাইহোক, এটি আমাদের মনে রাখা দরকার যে এক্ষেত্রে সংক্রমণ স্থানীয়ভাবে হয়নি। এই রোগী প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল থেকে এসেছিলেন।”
স্থানীয় অনলাইন নিউজ সাইট র্যাপলালের ভাষ্য অনুযায়ী ফিলিপিন্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডুকেত্রেস জানিয়েছেন, ওই রোগীর অবস্থা ‘স্থিতিশীল ছিল এবং তার মধ্যে উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল’, কিন্তু শেষ ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়।
“রোগটি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ গুরুত্ব দিয়ে মৃতদেহের ব্যবস্থাপনা করার জন্য আমরা চীনের দূতাবাসের সঙ্গে কাজ করে যাচ্ছি,” বলেছেন ডুকেত্রেস। মৃতদেহ পুড়িয়ে ফেলা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
ডুকেত্রেস আরও জানান, ফিলিপিন্সের স্বাস্থ্য দপ্তর এখন ওই ব্যক্তির সঙ্গে একই ফ্লাইটে যারা ম্যানিলা এসেছিল তাদের খুঁজে বের করা চেষ্টা করছে, খুঁজে পেলে তাদের কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া হোটেল কর্মীসহ যারা যারা ওই যুগলের সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
চীন থেকে আসা যেকোনো বিদেশি ভ্রমণকারীর আগমণ বন্ধ করার ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যুর কথা জানায় ফিলিপিন্স। এর আগে তারা শুধু প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই থেকে আসা লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
