দক্ষিণ আফ্রিকায় ৯ অবৈধ খনি সন্ধানীকে ‘পাথর ছুড়ে’ হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে পাথর ছুড়ে নয় জন অবৈধ খনি সন্ধানীকে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা।
শুক্রবারের এ ঘটনার পর দেশটির পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে বলে বিবিসি জানিয়েছে।
লেসোথো থেকে আসা ওই খনি সন্ধানীদের মৃতদেহগুলো জোহানেসবার্গের ম্যাথোলভিল এলাকার একটি রাস্তায় পড়ে ছিল, এখান থেকে গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ আফ্রিকায় ‘জামা জামাস’ (জুলু ভাষায় ‘যারা ভাগ্য ফেরানোর চেষ্টা করে’) নামে পরিচিত হাজার হাজার অবৈধ খনি সন্ধানী কাজ করে। এদের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সহিংস সংঘর্ষ সেখানে সাধারণ ঘটনা।
ওই এলাকায় পুলিশের এক অভিযানের প্রায় ২৪ ঘণ্টা পর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৮৭ জনকে আটক করেছে। তারপরও এ হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে তারা।
এক বিবৃতিতে গাওতেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওয়েলা বলেছেন, “আমরা এই বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানাই। ম্যাথোলভিল ও রোডেপোর্টের বাসিন্দারা যেন নিরাপদবোধ করেন, তা নিশ্চিত করতে প্রত্যেকটা খুঁটিনাটি খুটিয়ে পরীক্ষা করবো আমরা।
“যত শিগগির সম্ভব সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হবে এবং তাদের না পাওয়া পর্যন্ত পুলিশ ঘুমাবে না।”
হত্যাকারীদের ধরার অভিযানে যোগ দিতে জোহানেসবার্গের অন্যান্য ইউনিট থেকেও পুলিশ কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ প্রধান।
দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে সহিংস দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী গতবছর সেখানে দৈনিক অন্তত ৫৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
