চীনা ফ্লাইট ফেরাল মিয়ানমার, কড়াকড়ি সিঙ্গাপুরেও
মিয়ানমার কর্তৃপক্ষ চীনের দক্ষিণাঞ্চল গুয়াংঝু থেকে আসা একটি ফ্লাইট প্রায় সব যাত্রীসহ ফিরিয়ে দিয়েছে। ওদিকে সিঙ্গাপুরও চীন থেকে আসা কাউকেই সেদেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।
শুক্রবার মিয়ানমার সরকারের মুখপাত্র জানিয়েছেন, চীনের ফ্লাইটটিতে একজন যাত্রীর করোনাভাইরাস সংক্রমণের মতো ফ্লুয়ের লক্ষণ ধরা পড়ায় ফ্লাইটটিকে ফেরত পাঠানো হয়।
গুয়াংঝু থেকে আসা বিমান মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে পৌঁছলে অসুস্থ ওই চীনা যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আলাদা করে রাখা হবে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র জ হাতয়।
ওই ফ্লাইটে আসা আরো দুই মিয়ানমারের নাগরিক ১৪ দিন বাড়িতে আলাদাভাবে থাকতে রাজি হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন হাতয়। আর বাকি সবাইকে নিয়ে বিমানটি গুয়াংঝু-তে ফিরে গেছে।
ওদিকে সিঙ্গাপুর করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে। নতুন কোনো চীনা দর্শনার্থী কিংবা গত ১৪ দিন চীনে কাটিয়ে এসেছেন এমন কোনো বিদেশিকে সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শুক্রবার এ নিষেধাজ্ঞা ঘোষণার পর শনিবার থেকেই তা কার্যকর করার কথা জানিয়েছে সিঙ্গাপুর। কতদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে তাও জানায়নি সরকার। তাছাড়া অচিরেই ভ্রমণকারীদের ভিসাও বন্ধ করা হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর।
চীন সিঙ্গাপুরের অন্যতম বড় ধরনের ব্যবসায়িক অংশীদার এবং চীনা পর্যটকদের কাছেও জনপ্রিয়। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড এর হিসাব মতে, গত নভেম্বরে চীন থেকে সিঙ্গাপুরে ঢুকেছে ২৪৮,০০০ জন। আর ২০১৮ সালে চীনা পর্যটকের সংখ্যা ছিল ৩৪ লাখ ২০ হাজার।
সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে অনেক আগেই। দেশটি সম্প্রতি নতুন করে আরো তিনজন এ ভাইরাস সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
