২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উহান থেকে ফিরেছে ২০০ জাপানি, ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে চীনের উহানে বসবাসরত জাপানিদের ফেরাতে শুরু করেছে জাপান। উহান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 05:14 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

বুধবার সকালে উহান থেকে জাপানের বিশেষ এক ফ্লাইটে ২০৬ জনকে ফেরানো হয়েছে। রাতে দ্বিতীয় আরেকটি ফ্লাইটে বাকিদেরও ফেরানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ইতিমধ্যে ১৩২ জনের প্রাণহানির খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

মঙ্গলবার জাপানে নতুন করে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

বিদেশ ভ্রমণের সর্তকতা নাম্বার ৩ ঘোষণার মধ্যে দিয়ে উহান থেকে কারো জাপানে ভ্রমণ কিংবা জাপান থেকে উহানে ভ্রমণের উপর সাময়িক নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার থেকে। জরুরি কোন প্রয়োজন না থাকলে চীন ভ্রমণে জাপানিদের সর্তক থাকতে বলা হয়েছে।

জাপান সরকার দেশটির দাতব্য (চাটার্ড) অর্থ পরিচালিত এক ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরাচ্ছে বলে মঙ্গলবারই প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছিলেন।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, এদিন সকালেই টোকিওর হানেদা বিমানবন্দরে উহান ফেরত জাপানিদের মেডিক্যাল বোর্ডে পরীক্ষা করা হয়েছে। তাদেরকে অন্তত দুই সপ্তাহ কড়া নজরদারির মধ্যে থাকতে হবে বলে সরকারপক্ষ থেকে জানানো হয়েছে।

উহানে জাপানের বিভিন্ন কোম্পানির অন্তত ৬৫০ জন জাপানি কর্মরত। যারা সবাই জাপানে ফেরার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার জাপানের এক বাসচালক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, যিনি কখনই উহানে যাননি। তবে তিনি সম্প্রতি উহান থেকে আসা চীনা পর্যটকদের বাসে তুলেছিলেন।

 ওদিকে, জাপান থেকে উহানে জাপানিদের নিতে যাওয়া বিমানে ত্রাণ-সামগ্রীও পাঠানো হয়েছে। চীনে জাইকার মাধ্যমে এসব ত্রাণ-সামগ্রী দেওয়া হবে বলে পরারাষ্ট্রমন্ত্রণালয়ের আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে।