‘হাউডি মোদী’র চারমাসেই সিএএ নিয়ে বিক্ষোভে প্রবাসী ভারতীয়রা
গতবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ‘হাউডি মোদী’ জনসভায় ৫০ হাজারের বেশি ভারতীয়-বংশোদ্ভূত মার্কিনীর বিপুল সংবর্ধনা পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর মাত্র চারমাসের মাথাতেই বদলে গেছে দৃশ্যপট। নাগরিকত্ব আইন নিয়ে এবার মোদীর বিরুদ্ধে সরব সেই প্রবাসী ভারতীয়রাই।
ধনাঢ্য ভারতীয়-মার্কিন সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জনগণের দৃঢ় সম্পর্কসহ দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব ঝালিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য-বিদ্যুৎ ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরো মজবুত করার পথ খোঁজার লক্ষ্য নিয়েই আয়োজিত হয়েছিল হিউস্টোনের ওই ‘হাউডি মোদী’ জনসভা।
সেদিন মোদীকে স্বাগত জানানো সেই ভারতীয়-মার্কিন সম্প্রদায়েরই শত শত সদস্য রোববার ক্যালিফোর্নিয়ার রাস্তায় নেমে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)এর বিরুদ্ধে প্রতিবাদ করেই উদযাপন করেছে। জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যাপঞ্জী (এনপিআর)এর বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তারা।
যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে প্রবাসী ভারতীয়রা প্রতিবাদ মিছিল করেছে। নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুন্ন করবে- এ অভিযোগে মিছিল করে তারা। সিএএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতায় ব্যানার -পোস্টার দেখা গেছে মিছিলে। নিউ ইয়র্ক, শিকাগো, অ্যাটলান্টা, হিউস্টোন, স্যান ফ্র্যান্সিসকো এবং ওয়াশিংটন ডিসি-র মতো শহরে এ ধরনের প্রতিবাদ মিছিল করেন প্রবাসী ভারতীয়রা।
