সোলেমানির দাফন শুরু হয়েছে: ইসনা
পদদলনের ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুতে কয়েক ঘণ্টা স্থগিত থাকার পর মার্কিন ড্রোন হামলায় নিহত কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানির দাফন শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।
“কিছুক্ষণ আগে তার মৃতদেহ কেরমান কবরস্থানের যেখানে শহীদদের সমাহিত করা হয়, সেখানে স্থানান্তর করা হয়েছে,” এমনটাই জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইসনা।
সোলেমানির দাফন শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।
মেজর জেনারেল কাসেম সোলেমানিকে মঙ্গলবার তার নিজের শহর কেরমানে দাফন করার কথা। অনুষ্ঠানটিতে যোগ দিতে এদিনও রাস্তায় লাখো মানুষের ঢল নামে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেখানেই ভিড়ের মধ্যে অর্ধশতাধিক নিহত হয়েছে। আহতের সংখ্যা ২০০-রও বেশি বলে ইরানের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় সোলেমানি নিহত হন। এর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধোন্মাদনা বিরাজ করছে।
