২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ‘রাশিয়া-ফিনল্যান্ড সীমান্ত পোস্ট’ তৈরি করে প্রতারণা

নকল সীমান্ত পোস্ট স্থাপন করে চার অভিবাসন প্রত্যাশীকে প্রতারণার দায়ে রাশিয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2019, 11:29 AM

Updated : 08 Apr 2022, 05:09 PM

দক্ষিণ এশীয় ওই চার অভিবাসন প্রত্যাশীকে নকল সীমান্ত পোস্ট পার করিয়ে তারা ফিনল্যান্ডে প্রবেশ করেছেন বলে ধারণা দিয়েছিলেন ওই মানব পাচারকারী। 

বিবিসি জানিয়েছে, মানব পাচারকারী চার জনের ওই দলটিকে নিয়ে ওই পোস্টে পৌঁছানোর পর তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে নিজে চলে আসে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) একটি দেশে ঢুকে পড়েছে, এই বিশ্বাসের বশবর্তী হয়ে ওই চার জন এগিয়ে চলা শুরু করে।

প্রকৃতপক্ষে ওই এলাকাটি ছিল রাশিয়ার পশ্চিশাঞ্চলীয় ভুইবার্গের একটি জলাভূমিময় বন এলাকা। ফিনল্যান্ডের সীমান্তবর্তী ওই এলাকা ধরে এগিয়ে যাওয়ার একপর্যায়ে আসল সীমান্ত রক্ষীরা তাদের থামায়, তারা এখনও রাশিয়ায় আছে বলে জানায়।

ফিনল্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য ওই ‘পাচারকারীকে’ তারা প্রত্যেকে ১০ হাজার ইউরো করে দিয়েছেন বলে জানিয়েছেন প্রতারিতরা। 

ওই প্রতারকসহ পাঁচ জনকেই ২৮ নভেম্বর আটক করা হয় বলে জানা গেছে।

বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি আদালত অভিবাসন আইন অমান্য করার দায়ে ওই অভিবাসন প্রত্যাশীদের জরিমানা করে তাদের প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দেয়। 

তবে তারা কোন দেশের নাগরিক তা নির্দিষ্ট করে জানাননি রাশিয়ার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

প্রতারণার জন্য ওই ভুয়া মানব পাচারকারীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। বিচার মুলতুবি করে তাকে আটক রাখা হয়েছে। 

রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অভিবাসন প্রত্যাশীদের গ্রেপ্তার করার ফুটেজ পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, হাত উপরে তুলে একটি ফার গাছের বনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন তারা আর রাশিয়ার এফএসবি সীমান্ত রক্ষীরা তাদের দিকে টর্চের আলো ধরে রেখেছে।