জামিন পেয়ে সংসদে ফিরছেন কংগ্রেস নেতা চিদম্বরম
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ১০৫ দিন কারাবন্দি থাকার পর এবার শর্তাধীন জামিন পেয়েছেন। আর তা পেয়েই সংসদ অধিবেশনে ফিরতে চলেছেন তিনি।
বুধবার চিদম্বরমকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে সংসদে যোগ দিতে পারবেন না এমন কোনও শর্ত নেই, তাই বৃহস্পতিবার সকাল ১১ টা থেকেই চিদম্বরম শীতকালীন সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে কার্তি।
আনন্দবাজার পত্রিকা জানায়, যেসব শর্তে চিদম্বরমকে জামিন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, তিনি দেশ ছাড়তে পারবেন না, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তদন্তকারীদের সামনে তাকে হাজির হতে হবে এবং সর্বোপরি আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলা নিয়ে কোনও বিবৃতি বা বক্তব্য দিতে পারবেন না তিনি।
চিদম্বরম তামিলনাড়ু থেকে নির্বাচিত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। তাকে তিন মাসেরও বেশি সময় কারারুদ্ধ করে রাখাকে প্রতিহিংসাপরায়ণতা বলে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস।
ওদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চিদম্বরমের জামিন পাওয়াকে কটাক্ষ করেছে। ‘আউট অন বেইল ক্লাব’-এ আরও এক জন যুক্ত হলেন বলে মন্তব্য করেছেন দলের এক নেতা। এ ক্লাবের অন্যান্যদের মধ্যে আছেন সোনিয়া, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রসহ আরো কয়েকজন।
