এমপি’র ‘স্বমেহনের’ ছবিতে তিউনিসিয়ায় #মি টু ক্ষোভ
তিউনিসিয়ায় একটি উচ্চ বিদ্যালয়ের বাইরে গাড়িতে বসে এক ব্যক্তির ‘স্বমেহনের’ ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে নারীরা।
তিউনিসিয়ান আরবিতে হ্যাশট্যাগ ‘#এনাজেডা’ লিখে (যার অর্থ ‘হ্যাশট্যাগ মি টু’) নারীরা নিজেদের যৌন হেনস্থা ও যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা বলতে শুরু করেছে।
বিবিসি জানায়, স্বমেহনের ছবিটিতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি সম্প্রতি নির্বাচিত পার্লামেন্ট সদস্য জৌহেইর মাখলৌফ। গত অক্টোবরে এক শিক্ষার্থী ছবিটি তুলেছিলেন। মাখলৌফ তাকে যৌন হয়রানি করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।
তবে মাখলৌফ সব অভিযোগ অস্বীকার করেছেন। স্বমেহনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, তিনি ডায়াবেটিক রোগী। সেকারণে তিনি গাড়িতে বসে বোতলে মূত্রত্যাগ করতে যাচ্ছিলেন।
এ মাসের প্রথম দিকে নারীরা ‘#এনজেডা টি-শার্ট’ পরে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে। ওই সময় এমপিদের শপথ গ্রহণ চলছিল। নারীরা ওই ঘটনার তদন্ত দাবি করেছে।
এমপি হিসেবে শপথ নেওয়ার পর পার্লামান্টের আইনি ছাড়ের আওতায় রয়েছেন মাখলৌফ। অবশ্য তারপরও এক বিচারক ঘটনাটি খতিয়ে দেখছেন।
ঘটনাটি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার কারণে ‘আসওয়াত নিসা’ অর্থাৎ, ‘ওমেন’স ভয়েসেস’ নামের একটি বেসরকারি সংস্থা ফেইসবুকে ‘#এনাজেডা’ নামের একটি গ্রুপ তৈরি করেছে।
যৌন হয়রানির শিকার যারা হয়েছে তারা এই গ্রুপে নিরাপদে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারছে। ইতোমধ্যে এ গ্রুপের সদস্য হয়েছে ২৫ হাজার ব্যবহারকারী। সামরিক বাহিনীর সদস্য, পুলিশ, বিশ্ববিদ্যালয়-স্কুল শিক্ষক, গণমাধ্যম কর্মী ও স্বজনদের হাতে যৌন হেনস্থার শিকার হওয়ার কথাগুলো বলছে তারা।
