২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মোবাইল ফোন সেবা নিতে 'ফেস স্ক্যান'

চীনে এখন থেকে ফোন সেবা পেতে হলে নতুন মোবাইল ফোন নিবন্ধন করার সময় নাগরিকদের মুখাবয়ব শণাক্তকরণের জন্য ‘ফেস স্ক্যান’ করে রাখার প্রয়োজন পড়বে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2019, 07:43 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় যাচাই করার জন্যই নতুন এ নিয়ম চালু করছে কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরে নিয়মটি চালুর ঘোষণা আসার পর রোববার থেকেই তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

সাইবার জগতে সব নাগরিকের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করতে চাওয়ার জন্যই এ ব্যবস্থা বলে জানিয়েছে চীন সরকার।

চীনে মুখাবয়বের ছবি দেখে পরিচয় সনাক্ত করার প্রযুক্তি আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। চীন এ প্রযুক্তিতে বিশ্বসেরা। কিন্তু যতটা ব্যাপকভাবে তারা এ প্রযুক্তি ব্যবহার করছে তা সম্প্রতি বিতর্ক সৃষ্টি করেছে।

নতুন নিয়মটি কী?

চীনে কেউ নতুন মোবাইল ফোন নিলে বা মোবাইল ডাটা নিতে চুক্তিবদ্ধ হলে তাদের জাতীয় পরিচয়পত্র দেখানো এবং ছবি তোলার নিয়ম চলে আসছে।

কিন্তু এখন নতুন নিয়মে যারা মোবাইল ফোন সেবা নেবেন তাদেরকে মুখের ছবি স্ক্যান করতে হবে। যাতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে এ ছবি মিলিয়ে দেখে কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত হতে পারে।

অনলাইনে প্রত্যেকে যাতে নিজের আসল নাম পরিচয় ব্যবহার করে সেজন্য চীনে অনেক বছর ধরেই এমন নিয়ম করার চেষ্টা চলে আসছে।

২০১৭ সালে ইন্টারনেটে কেউ কোন বিষয়ে পোস্ট দিতে চাইলে তার আসল পরিচয় যাচাই করে দেখার নিয়ম চালু করা হয়।

চীনে টেলিকম অপারেটরের জন্য নতুন নিয়মটি করেছে শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিদ্যমান ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং সরকার যাতে সব মোবাইল ফোন ব্যবহারকারীকে চিহ্নিত করতে পারে সেকারণেই এ নিয়মটি চালু করা হচ্ছে।

চীনে বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে।