২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে আস্থা ভোটে জিতলেন উদ্ধব, বিজেপির ওয়াকআউট

ভারতের মহারাষ্ট্র রাজ্যে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা-এনসিপি-কংগ্রেস সরকার আস্থা ভোটে জয় পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2019, 05:36 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

এক মাস ধরে বিভিন্ন নাটকীয়তার পর শনিবার মহারাষ্ট্রের বিধানসভায় এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়।

ভোটাভুটি শুরু হওয়ার ঠিক আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে, জানিয়েছে এনডিটিভি। 

বিজেপি কালিদাস কোলাম্বাকরের স্থানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনপিসি) দিলিপ ওয়ালসে পাটিলকে অস্থায়ী স্পিকার হিসেবে বেছে নেওয়ার প্রতিবাদে বিজেপি ওয়াকআউট করে। রোববার নতুন স্পিকার নির্বাচিত করার কথা রয়েছে।

৫৯ বছর বয়সী উদ্ধব শিব সেনা, শারদ পাওয়ারের এনপিসি ও কংগ্রেসের জোট ‘মহা বিকাশ আগারি’র নেতৃত্ব দিচ্ছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আগেই শপথ নিয়েছিলেন।

ভোটে এই জোটের পক্ষে ২৮৮ সদস্যের বিধানসভার ১৬৯ জন সদস্য সমর্থন জানান। আস্থা ভোটে জয় পেতে ১৪৫টি ভোট লাগে।

মহারাষ্ট্র বিধানসভায় জোটের এই তিন দলের মোট আসন ১৫৪টি। জোটের বাইরে কয়েকজন স্বতন্ত্র সদস্য ও বহুজন বিকাশ আগারির মতো কয়েকটি ছোট দলও উদ্ধব ঠাকরের জোট সরকারের প্রতি আস্থা জানায়।

চার জন সদস্য ভোট দানে বিরত ছিলেন বলে অস্থায়ী স্পিকার জানিয়েছেন। কোনো সদস্য উদ্ধবের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ভোট দেয়নি।