ভূমধ্যসাগর পাড়িতে ৪ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১৬
উত্তর আফ্রিকা থেকে ছোট্ট নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে চার শরণার্থী মারা গেছে এবং ১৬ জন নিখোঁজ হয়েছে।
স্পেনের উপকূলরক্ষীরা বুধবার একথা জানিয়েছে। উদ্ধারকারীরা নৌকাটি থেকে ৫৮ জনকে উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে নৌকাটি মরোক্কো উপকূল থেকে প্রায় ৩৭ মাইল দূরে ভাসছিল।
পানি থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে এবং তীরে নেওয়ার পর মারা গেছে আরো একজন। উপকূলরক্ষীরা একথা জানিয়েছে।
সাগর পাড়ি দিয়ে শরণার্থীদের ইউরোপে যাওয়ার চেষ্টা ২০১৫ সালে খুব বেড়ে যাওয়ার পর থেকে বর্তমানে অনেক কমে এসেছে। তবে এখনো হাজার হাজার মানুষ প্রতিবছরই ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।
সর্বশেষ শরণার্থীর ওই দলটিকে উত্তর আফিকা উপকূলবর্তী স্পেনের স্বায়ত্তশাসিত শহর মেলিলায় নেওয়া হয়েছে। সেখানে উদ্ধার পাওয়া জীবিতদের রেড ক্রস চিকিৎসাসেবা দিচ্ছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।
ওদিকে, নিখোঁজ ১৬ জনকে খুঁজতে ইউরোপীয় এবং স্পেন কর্তৃপক্ষ নৌকা ও বিমান পাঠিয়েছে। ওই ১৬ জন নৌকাতেই রয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
