২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে মৃত হরিণের পেটে প্লাস্টিক ব্যাগসহ ৭ কেজি আবর্জনা

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি জাতীয় উদ্যানে মৃত একটি বন্য হরিণের পেটে প্লাস্টিক ব্যাগ, পুরুষদের আন্ডারওয়্যারসহ সাত কেজি আবর্জনা পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 04:02 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

পুরুষ ওই হরিণটির পাকস্থলীতে প্লাস্টিক ব্যাগ, আন্ডারওয়্যায়ের পাশাপাশি অন্যান্য জিসিনের মধ্যে ইন্সট্যান্ট কফির ছোট প্যাকেট ও প্লাস্টিকের দড়ির টুকরো অংশও ছিল বলে ওই কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি। 

খুন সাথান জাতীয় উদ্যানের ওই কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়ার ‘অনেক আগে থেকেই’ হরিণটি প্লাস্টিক ব্যাগ খেয়ে আসছিল।

২৫ নভেম্বর টহল দেওয়ার সময় এক কর্মকর্তা উত্তরাঞ্চলীয় না নোই জেলার উদ্যানটিতে ১০ বছর বয়সী ওই পুরুষ হরিণটিকে মৃত অবস্থায় পান। 

এর পাকস্থলীতে রাবারের গ্লভস, ইন্সট্যান্ট নুডুলস ও ছোট টাওয়েলও পাওয়া যায়।  

“মৃত্যুর অনেক আগে থেকেই হরিণটি এসব প্লাস্টিক খেয়ে আসছিল বলে আমাদের বিশ্বাস,” বিবিসিকে বলেছেন জাতীয় উদ্যানটির এক পরিচালক ক্রিয়াংসক থানোমপুন।

“প্লাস্টিকগুলো হরিণটির পৌষ্টিক নালি বন্ধ করে দিয়েছিল বলে কর্মকর্তাদের ধারণা, বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে,” বলেছেন তিনি। 

উদ্যানটিতে ঘুরতে যেয়ে যারা বিভিন্ন প্লাস্টিক দ্রব্য ফেলে আসেন, অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাদের সমালোচনা করছেন।  

“আপনি যখন জাতীয় উদ্যানে যাবেন, নিজের আবর্জনা সঙ্গে নিয়ে ফিরুন। কিছু দায়িত্ব পালন করুন,” ফেইসবুকে মন্তব্য করেছেন এক ব্যবহারকারী। 

চলতি বছরের প্রথমদিকে থাইল্যান্ডে প্লাস্টিক খেয়ে একটি বাচ্চা ডুগংয়েরও মৃত্যু হয়েছিল।