২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের রেকর্ড ছাড়িয়েছে গ্রিন হাউজ গ্যাসের মাত্রা

বায়ুমন্ডলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউজ গ্যাসের মাত্রা গতবছর ফের নতুন উচ্চতায় পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 09:27 PM

Updated : 08 Apr 2022, 05:05 PM

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রতিবেদনে বলা হয়েছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির হার গত দশকে রেকর্ড করা গড় বৃদ্ধির চেয়ে বেশি। মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মত অন্যান্য গ্রিনহাউজ গ্যাসও গড় বৃদ্ধির মাত্রার চেয়ে বেশি বেড়েছে।

বিবিসি জানায়, আর্কটিক অঞ্চলসহ গোটা বিশ্বের গ্রিনহাউজ গ্যাস পর্যবেক্ষণ কেন্দ্রগুলো থেকে পাওয়া তথ্য জানিয়ে গবেষকরা বলেছেন, ২০১৮ সালে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দাঁড়িয়েছে ৪০৭.৮ পিপিএম- এ। এর আগের বছরে অর্থাৎ, ২০১৭ সালে যা ছিল ৪০৫.৫ পিপিএম।

গত ১০ বছরে গ্রিনহাউজ গ্যাসের গড় মাত্রার চেয়ে এ বৃদ্ধির মাত্রা বেশি এবং ১৭৫০ সালের প্রাক-শিল্প যুগের চেয়ে এ মাত্রা ১৪৭ শতাংশ বেশি।

১৯৯০ সাল থেকে বায়ুমন্ডলে গ্রিনহাউজ গ্যাস ৪১ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ সালে এর মাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। আর ২০১৭ সালে গ্রিনহাউজ গ্যাসের মাত্রা নতুন রেকর্ড গড়ে। এর মধ্যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ৪০৫ পিপিএম- এ পৌঁছে ৩০-৫০ লাখ বছরের রেকর্ড ছাড়ায়। ২০১৮ সালে তা আবার রেকর্ড ছাড়িয়েছে।

ডব্লিউএমও’র প্রতিবেদনে কেবল গ্রিনহাউজ গ্যাস নিরগমন নয় বরং বায়ুমন্ডলে গ্রিনহাউজ গ্যাসের ঘনত্ব দেখা হয়েছে। কার্বন ডাই অক্সাইডের পরই দেখা গেছে মিথেন গ্যাসের প্রভাব। এ গ্যাস বিশ্ব ঊষ্ণায়নের জন্য ১৭ শতাংশ দায়ী।

প্রাক-শিল্পযুগের চেয়ে বায়ুমন্ডলে মিথেনের ঘনত্ব এখন ২৫৯%। এ বৃদ্ধির হার  বার্ষিক বৃদ্ধির হার এবং গত ১০ বছরের গড় বৃদ্ধির চেয়ে বেশি।