রোমানিয়া উপকূলে ১৪০০০ ভেড়া নিয়ে উল্টে গেছে কার্গো জাহাজ
রোমানিয়ার উপকূলে ১৪ হাজার ভেড়া বহনকারী বড় একটি কার্গো জাহাজ উল্টে গেছে। প্রাণীগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
রোববার স্থানীয় সময় দুপুরে কৃষ্ণ সাগর তীরবর্তী রোমানীয় বন্দর মিদিয়া ছেড়ে আসার কিছুক্ষণ পর কনসতানতা শহরের কাছে জাহাজটি উল্টে যায় বলে জানিয়েছে বিবিসি।
কার্গো জাহাজটির ২২ জন ক্রু-র সবাইকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সিরিয়ার নাগরিক।
ভেড়াগুলোকে রক্ষার জন্য রোমানিয়ার পুলিশ, দমকল কর্মী ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।
পালাউয়ের পতাকাবাহী এই জাহাজটির কাছে সাঁতাররত অন্তত ৩২টি ভেড়াকে উদ্ধার করা হয়েছে। বহু ভেড়া ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
“ইতোমধ্যেই অল্প সংখ্যক ভেড়াকে রক্ষা করতে পেরেছি আমরা। সেগুলো সাগরে সাঁতার কাটছিল,” বিবিসিকে বলেছেন কনসতানতার জরুরি বিভাগের মুখপাত্র আনা-মারিয়া স্তোইকা।
জাহাজটির হাইপোথার্মিয়ায় আক্রান্ত এক ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“তিনি সাগরে পড়ে গিয়েছিলেন, তবে দ্রুতই তাকে উদ্ধার করা হয়। বাকী সব ক্রু নিরাপদ আছেন। তারা বন্দরেই অবস্থান করছেন,” বলেন স্তোইকা।
রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। সোমবার সকালে অভিযান আবার শুরু হওয়ার কথা।
কীভাবে জাহাজটি উল্টে গেল তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। ভেড়াগুলোকে উদ্ধার করার পর ও জাহাজের মালামাল রক্ষার কাজ শেষ হওয়ার পর ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় দুপুর ১২টায় মিদিয়া বন্দর ছেড়ে আসা জাহাজটি মালামালসহ সৌদি আরবের জেদ্দা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা গেছে।
