২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার শেষ সুমাত্রান গণ্ডারের মৃত্যু

জানা শেষ নমুনাটির মৃত্যুর মধ্য দিয়ে দাপ্তরিকভাবে মালয়েশিয়া থেকে সুমাত্রান গণ্ডার বিলুপ্ত হয়ে গেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2019, 11:49 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

শনিবার বোর্নিও দ্বীপে ইমান নামের ২৫ বছর বয়সী মাদী গণ্ডারটির মৃত্যু হয় বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি। ইমান ক্যান্সারে ভুগছিল।

চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার শেষ পুরুষ গণ্ডারটির মৃত্যু হয়।

একসময় পুরো এশিয়াজুড়েই সুমাত্রান গণ্ডারের বিচরণ ছিল। কিন্তু বর্তমানে বন্য অবস্থায় এটিকে আর প্রায় দেখাই যায় না। এই প্রজাতির একশরও কম প্রাণী বেঁচে আছে বলে বিশ্বাস। এটি এখন অতি বিপন্ন একটি প্রজাতি।

মালয়েশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় ৫টা ৩৫ মিনিটে ইমান মারা যায়।

Image
বোর্নিও দ্বীপে ইমান নামের ২৫ বছর বয়সী মাদী গণ্ডারটির মৃত্যু হয়। ছবি: টুইটার

বোর্নিও দ্বীপে ইমান নামের ২৫ বছর বয়সী মাদী গণ্ডারটির মৃত্যু হয়। ছবি: টুইটার

“প্রাকৃতিক কারণেই এর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে শককে কারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে,” মালয়েশিয়ার সাবা রাজ্যের পর্যটন, সংস্কৃতি ও পরিবেশ মন্ত্রী ক্রিস্টিন লিউ এমনটিই বলেছেন বলে তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গণমাধ্যম।

“২০১৪ সালের মার্চে ধরা পড়ার পর থেকে মৃত্যুর মূহুর্ত পর্যন্ত ইমানকে অতি যত্নে রাখা হয়েছিল,” বলেছেন তিনি।

চোরা শিকার ও বন উজাড়ের কারণে সুমাত্রান গণ্ডারের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পায়। এখন অবশিষ্ট গণ্ডারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের পরস্পর থেকে বিচ্ছিন্নতা। মালয়েশিয়ায় এই প্রজাতির গণ্ডারের প্রজননের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

বর্তমান বিশ্বে পাঁচ প্রজাতির গণ্ডার টিকে আছে। এগুলোর দুটি আফ্রিকান ও তিনটি এশিয়ান প্রজাতি। এশিয়ান প্রজাতির অনধিক ১০০টি সুমাত্রান গণ্ডার (কেউ কেউ সংখ্যাটি ৩০ এর বেশি হবে বলে মনে করেন না) বন্য অবস্থায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে ধারণা প্রাণি বিশেষজ্ঞদের।