২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচবিহারে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

পশ্চিমবঙ্গের কোচবিহারে গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2019, 02:45 PM

Updated : 08 Apr 2022, 05:05 PM

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকায় মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিউল ইসলাম ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে দুইটি গরু নিয়ে যাচ্ছিলেন। পথে একদল লোক তাদের আটকায় এবং পিকআপ ভ্যানে নম্বর প্লেট না থাকায় গরু চুরি করছে অভিযোগ তুলে তাদের মারতে শুরু করে এবং পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

কয়েকদিন আগে ওই এলাকায় গরুর চুরি হয় বলেও জানায় পুলিশ।

গণধোলাইয়ে গুরুতর আহত রবিউল ও প্রকাশকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এদিকে, গণধোলাইয়ে বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিনচিং বিল ২০১৯’ পাস হয়েছে। নতুন বিলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। এখন গভর্নরের অনুমোদন পেলেই ওই বিল আইনে পরিণত হবে।