২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধ ধামাচাপা’: আইসিসি’র তদন্তের মুখে ব্রিটিশ সেনাবাহিনী

ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের  যুদ্ধাপরাধ যুক্তরাজ্য সরকার ও সেনাবাহিনী ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার কথা ভাবছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2019, 10:44 PM

Updated : 08 Apr 2022, 05:03 PM

বিবিসি’র প্যানোরামা প্রোগ্রাম ও ‘সানডে টাইমস’ পত্রিকার অনুসন্ধানে ধামাচাপার বিষয়টি বেরিয়ে আসার পর ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো এমন তদন্ত করতে পারে আইসিসি। বিবিসি জানায়, অনুসন্ধানে উঠে আসা তথ্য আইসিসি অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছে।

যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, তারা আইসিসি’র অনুরোধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আইনি প্রক্রিয়ার বিষয়ে তাদেরকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সবসময়ই সহযোগিতা করে এসেছে। তাই আইসিসি’র এ বিষয়ে আর নাক গলানোর কোনো যৌক্তিকতা নেই।

যদি ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে আইসিসি সত্যিই আনুষ্ঠানিক তদন্ত শুরু করে, তবে তা হবে যুক্তরাজ্যের কোনো নাগরিকের যুদ্ধাপরাধের বিরুদ্ধে নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠানটির প্রথম তদন্ত।

বিবিসি প্যানোরামা অনুসন্ধানে পাওয়া তথ্য ‘নিরপেক্ষভাবে মূল্যায়ন’ করে দেখা হবে বলে জানিয়েছে আইসিসি’র কৌঁসুলির কার্যালয়। যুক্তরাজ্যের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে কিনা সে সিদ্ধান্ত হতে পারে এর ভিত্তিতেই। 

আইসিসি এর আগে ব্রিটিশ সেনাদের ইরাকে যুদ্ধাপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে বলে জানিয়েছিল। তবে ওইসব ঘটনার বেশিরভাগই বন্দিদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ছিল।

কিন্তু প্যানোরামা ও সানডে টাইমস এর নতুন অভিযোগে ব্রিটিশ কাস্টডিতে হত্যাকাণ্ড ঘটার নতুন তথ্য বেরিয়ে এসেছে। বলা হচ্ছে, ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার এমন ঘটনা যুক্তরাজ্য সরকার ও সেনাবাহিনী গোপন করেছে।

অনুসন্ধানী দলের কাছে খোদ ১১ ব্রিটিশ গোয়েন্দা জানিয়েছেন, এ ব্যাপারে গ্রহণযোগ্য প্রমাণ তারা পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এ গোয়েন্দারা মনে করেন, ওইসব হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সেনাদের বিচারের মুখোমুখি করা উচিত। যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দৃঢ়ভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিবিসি জানায়, ইরাক হিস্টোরিক অ্যালেগেশনস টিম (আইএইচএটি) এবং অপারেশন নর্থমুর এর ভেতর থেকে এ অভিযোগ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেছে।

পুরনো খবর:

যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ