২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি-নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কাশ্মীরের গ্রামে আতঙ্ক

একদিকে জঙ্গি হামলা আর অন্যদিকে নিরাপত্তা বাহিনীর দমনাভিযান দু’য়ে মিলে চরম আতঙ্কে দিন কাটছে কাশ্মীরের কুলগাম জেলার কাতরাসু গ্রামের বাসিন্দাদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2019, 09:51 PM

Updated : 08 Apr 2022, 04:59 PM

গত ২৮ অক্টোবর রাতে এ গ্রামে মুর্শিদাবাদের বাহালনগর থেকে আসা পাঁচ শ্রমিক জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হওয়ার পর থেকেই আতঙ্ক যেন সবাইকে ঘিরে ধরেছে।

ফের জঙ্গি হামলার শিকার হওয়ার পাশাপাশি সেখানে এই হত্যাকান্ডের তদন্তে নামা নিরাপত্তা বাহিনীর দমনাভিযান নিয়েও আতঙ্কে ভুগছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

বাঙালি শ্রমিকদের ওপর জঙ্গি হামলার ওই ঘটনায় আরো ছয় শ্রমিক আহত হন। শ্রীনগর হাসপতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শ্রমিকরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা একটি দোকানের উপরের দিকের একটি কক্ষে থাকতেন। একদল জঙ্গি বন্দুক হাতে সেখানে জোর করে ঢুকে গুলি চালায়।

এ  ঘটনার পর গ্রামবাসীদেরকে এরই মধ্যে সেনা এবং পুলিশের ধরপাকড় ও তল্লাশির মুখে পড়তে হয়েছে। আটক হয়েছে গ্রামের অনেক মানুষ।

গ্রামের এক দোকানদার নবীর উক্তি, “আমরা আতঙ্কের মধ্যে বসবাস করছি।” তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে চার রাত আটকে রাখা হয়েছিল বলেও জানান নবী।

গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। রাজ্যটি এখন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চল।

বিশেষ মর্যাদা বাতিলের একদিন আগেই ভারত সরকার পুরো কাশ্মীর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল, জারি করা হয়েছিল কারফিউ। প্রভাবশালী সব নেতাসহ প্রায় চারশ নেতাকর্মীকে বন্দি করা হয়েছিল।

ধীরে ধীরে কারফিউ শিথিল করা হয়। নানা সেবাও স্বাভাবিক হতে শুরু করেছে। নেতাকর্মীরাও মুক্তি পাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এখনো গুমোট হয়ে আছে। তার মধ্যেই ঘটছে ভারতের রাজ্যগুলো থেকে কাশ্মীরে যাওয়া শ্রমিকদের ওপর জঙ্গি হামলার ঘটনা।

ভারতীয় পুলিশের ধারণা, জঙ্গিরা তাদের কৌশল পরিবর্তন করেছে। নতুন কৌশল হিসেবে তারা এইসব শ্রমিককে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

“কাশ্মীরের ফলের বাগান, ধান ক্ষেত এবং নির্মাণ ক্ষেত্রে হাজার হাজার শ্রমিক কাজ করেন। সেখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে কাশ্মীরের বাইরে থেকে যাওয়া লোকজনকে জঙ্গিরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।”

গত কয়েক সপ্তাহে কাশ্মীরে একাধিক হামলায় এরকম ১১ জনকে হত্যা করা হয়েছে। বন্দুকধারীরা সাধারণত রাতের আঁধারে এসে শ্রমিকদেরকে বাড়ি থেকে ধরে বাইরে নিয়ে গিয়ে গুলি করে মারছে।

আর তাই সন্ধ্যা নামলেই গা ছম ছম করা আতঙ্ক ঘিরে ধরে বাসিন্দাদের। এরকমই এক সন্ধ্যায় গ্রামের এক বাসিন্দা বলেন, “এখন অন্ধকার নেমে এসেছে। ভালমত কিছু দেখতেও পাচ্ছি না। কিন্তু আমরা ভয়ে আছি।”

কাতরাসু গ্রামের এক মাংস বিক্রেতা গুলাম নবীর কথায়, “এখানে হয় সেনাবাহিনী না হয় জঙ্গিদের হাতে অস্ত্র আছে।”

“আমরা যারা বেসামরিক নাগরিক তারা কখনোই অস্ত্র হাতে নেইনি। কিন্তু এখনো আমাদেরই সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে।”

পুরনো খবর:

কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা
কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ১৫
কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর ও লাদাখের নতুন মানচিত্র